গুরুতর ইনজুরিতে বদলি খেলোয়াড় নামানোর নিয়ম চালু করল বিসিসিআই

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

মাঠের লড়াই যখন ১১ বনাম ১১—তখনই খেলা সমান তালে চলে। কিন্তু কোনো ক্রিকেটার গুরুতর চোটে ছিটকে গেলে ম্যাচ হয়ে পড়ে অসম। সেই অসামঞ্জস্য কাটাতেই নতুন নিয়ম আনল ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)। এবার থেকে ঘরোয়া ক্রিকেটে কার্যকর হতে যাচ্ছে ‘সিরিয়াস ইনজুরি রিপ্লেসমেন্ট সাবস্টিটিউট’ নামের বিশেষ বদলি নিয়ম।

আগামী ২৮ আগস্ট থেকে শুরু হতে যাওয়া দুলিপ ট্রফি দিয়েই প্রথমবারের মতো এই নিয়ম চালু হবে। পরবর্তীতে রঞ্জি ট্রফিসহ ভারতের অন্যান্য দীর্ঘ ফরম্যাটের টুর্নামেন্টেও এটি কার্যকর হবে।

নিয়ম অনুযায়ী—

খেলা শুরু হওয়ার পর যদি কোনো ক্রিকেটার গুরুতর বহিঃস্থ চোটে (যেমন হাড় ভাঙা, চিড় ধরা, মারাত্মক কেটে যাওয়া) পড়েন, তবে তার পরিবর্তে বদলি নেওয়া যাবে।

তবে হ্যামস্ট্রিং, ক্র্যাম্প, স্ট্রেইন বা ছোটখাটো ইনজুরিতে বদলি মিলবে না।

বদলি নেওয়ার জন্য অবশ্যই চোটের মেডিকেল রিপোর্ট জমা দিয়ে ম্যাচ রেফারির অনুমোদন নিতে হবে।

বদলি খেলোয়াড়কে ‘লাইক-ফর-লাইক’ হতে হবে—অর্থাৎ ব্যাটসম্যানের বদলি ব্যাটসম্যান, বোলারের বদলি বোলার, অলরাউন্ডারের বদলি অলরাউন্ডার।

আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত শুধুমাত্র কনকাশন বা কোভিডে আক্রান্ত হলে বদলি খেলোয়াড় নামানোর নিয়ম আছে। তবে সাম্প্রতিক ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজে রিশাভ পান্ত ও ক্রিস ওকসের মতো খেলোয়াড়দের চোট নিয়ে খেলতে নামা ঘটনাটি ভারতীয় বোর্ডকে ভাবনায় ফেলে। গুরুতর চোট নিয়ে ব্যাট করতে নামার সেই দৃশ্যের পরেই আলোচনায় আসে নতুন বদলি নিয়ম।

আইসিসি ইতিমধ্যেই জানিয়েছিল, সদস্য দেশগুলো চাইলে ঘরোয়া ক্রিকেটে এ নিয়ম চালু করতে পারবে। সেই সুযোগ কাজে লাগিয়ে ভারতীয় বোর্ড প্রথম পদক্ষেপ নিল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »