পারফরম্যান্সে ভাটা, পাকিস্তানি ক্রিকেটারদের বেতন কমছে বড় অঙ্কে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

মাঠের খারাপ ফল ভোগ করতে যাচ্ছেন পাকিস্তানের তারকা ক্রিকেটাররা। চলতি বছর আন্তর্জাতিক অঙ্গনে প্রত্যাশিত সাফল্য না আসায় কেন্দ্রীয় চুক্তিভুক্ত খেলোয়াড়দের মোটা অঙ্কের আয়ের একটি অংশ কেটে নেওয়ার সিদ্ধান্তে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পরিসংখ্যানই বলে দেয় ব্যর্থতার গল্প। এ বছর তিনটি টেস্ট খেলে মাত্র একটিতে জয় এসেছে বাবর আজমদের। ওয়ানডেতে চিত্র আরও করুণ—১১ ম্যাচে জিততে পেরেছে মাত্র দুটি। এমন পরিস্থিতিতে বোর্ড আইসিসি থেকে পাওয়া লভ্যাংশ ক্রিকেটারদের মধ্যে আর ভাগ করে দেবে না বলে জানিয়েছে।

এতদিন ধরে কেন্দ্রীয় চুক্তির পাশাপাশি পাকিস্তানের প্রতিটি ক্রিকেটার আইসিসির লভ্যাংশ থেকে অতিরিক্ত ৩ শতাংশ অর্থ পেতেন। এই অঙ্কটা ছোট কিছু নয়। উদাহরণস্বরূপ, ‘এ’ গ্রেড ভুক্ত একজন ক্রিকেটার বছরে বেতনের বাইরে প্রায় ২৭ লাখ পাকিস্তানি রুপি পেতেন। ‘বি’ ও ‘সি’ গ্রেডে থাকা খেলোয়াড়রা পেতেন যথাক্রমে প্রায় ১৫ লাখ ও ১০ লাখ রুপি।

এই বাড়তি অর্থ বন্ধ হয়ে গেলে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের মতো সিনিয়র ক্রিকেটারের বার্ষিক আয়ে প্রায় এক-তৃতীয়াংশ ঘাটতি তৈরি হবে। বিশেষ করে ‘এ’ গ্রেডের ক্রিকেটারদের ক্ষেত্রে বেতন কমে যাবে ৩১ থেকে ৩৩ শতাংশ পর্যন্ত। এভাবে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহসহ সবার আয়েই বড় ধাক্কা লাগতে চলেছে।

ক্রিক ওয়ানের তথ্যমতে, বর্তমানে ‘এ’ গ্রেডে থাকা একজন ক্রিকেটার পিসিবি থেকে বছরে প্রায় ৪৫ লাখ রুপি পান। আইসিসির লভ্যাংশ যোগ হয়ে সেই অঙ্ক দাঁড়াত ৭০ লাখে। এখন থেকে এই অতিরিক্ত অংশ বাদ দেওয়ায় তাদের হাতে থাকবে শুধু বোর্ড নির্ধারিত বেতনই।

অন্যদিকে, কেন্দ্রীয় চুক্তির তালিকায় পরিবর্তন আনার সিদ্ধান্তও প্রায় চূড়ান্ত করেছে পিসিবি। নিয়মিত সুযোগ না পাওয়া উসমান খানদের মতো কয়েকজন বাদ পড়তে পারেন। এর বদলে হাসান নওয়াজ, মোহাম্মদ হারিস, সুফিয়ান মুকিমদের মতো তরুণদের জায়গা দেওয়া হতে পারে। বোর্ড ইতোমধ্যে খসড়া তালিকা প্রস্তুত করেছে, কেবল চেয়ারম্যান মহসিন নাকভির চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা।

খেলোয়াড়দের পারফরম্যান্স আর আর্থিক কাঠামো ঘিরে পিসিবির এই কঠোর সিদ্ধান্ত পাকিস্তান দলে নতুন চাপ তৈরি করবে বলে মনে করছেন অনেক বিশ্লেষক।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »