গিলের নেতৃত্ব ও ব্যাটিংয়ে মুগ্ধ রাভি শাস্ত্রি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইংল্যান্ড সফরে ব্যাট হাতে দাপট দেখানোর পাশাপাশি নেতৃত্বগুণে সবাইকে চমকে দিয়েছেন শুবমান গিল। ভারতের সাবেক কোচ রাভি শাস্ত্রির চোখে এই তরুণ ওপেনার হতে যাচ্ছেন ভবিষ্যতের অন্যতম সেরা ব্যাটসম্যান।

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির মাধ্যমে ভারতের টেস্ট অধিনায়কত্বে অভিষেক হয় গিলের। কঠিন পরিস্থিতিতে দুইবার পিছিয়ে পড়েও তাঁর নেতৃত্বে পাঁচ ম্যাচের সিরিজে শেষ পর্যন্ত ২-২ সমতায় ফিরে আসে ভারত। শুধু নেতৃত্বেই নয়, রানমেশিন হয়ে পুরো সিরিজ জুড়ে দলের ভরসা হয়ে ওঠেন গিল। চারটি দুর্দান্ত সেঞ্চুরির সাহায্যে সংগ্রহ করেন ৭৫৪ রান, যা সিরিজের সর্বোচ্চ। অন্য কেউ সাড়ে ৫০০ রান পেরোতে পারেননি।

এই ইনিংসগুলোতে রেকর্ডের ঝড় তোলেন ২৫ বছর বয়সী এই ব্যাটার। ইংল্যান্ডে সফরকারী অধিনায়কদের মধ্যে এক সিরিজে সর্বাধিক চার সেঞ্চুরি করে ছাড়িয়ে যান কিংবদন্তি ডন ব্র্যাডম্যানকেও। যদিও ব্র্যাডম্যানের এক সিরিজে সর্বোচ্চ ৮১০ রানের রেকর্ড ছোঁয়ার কাছাকাছি গিয়েও তা ভাঙতে পারেননি গিল।

গিলের এমন ব্যাটিং ও পরিণত নেতৃত্বে মুগ্ধ হয়ে শাস্ত্রি বলেন,
“সে দীর্ঘ ক্যারিয়ার খেলবে, কারণ আমরা দেখেছি ইংল্যান্ডে তার কেমন দুর্দান্ত সিরিজ গেছে। মাত্র ২৫ বছর বয়সেই সে নিজেকে প্রমাণ করেছে। সময়ের সঙ্গে সঙ্গে আরও ভালো ব্যাটসম্যান হয়ে উঠবে।”

শাস্ত্রি আরও যোগ করেন, “সে এখন সঠিক জায়গায় আছে, সঠিক মানসিকতায় আছে। ও খুব সংযত, রাজসিক একটা ভাব আছে তার মধ্যে। ব্যাটিংয়ে সাবলীলতা এবং দীর্ঘ ইনিংস খেলার যে দক্ষতা, সেটাই তাকে আলাদা করে তুলেছে।”

এই পারফরম্যান্সের মাধ্যমে গিল শুধু ভারতীয় ক্রিকেটেই নয়, বিশ্ব ক্রিকেটেও ভবিষ্যতের বড় তারকা হয়ে উঠছেন বলে বিশ্বাস শাস্ত্রির।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »