অস্ট্রেলিয়ান ক্রিকেটের পুনর্জাগরণের স্থপতি বব সিম্পসন আর নেই

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের কিংবদন্তি নাম বব সিম্পসন আর নেই। ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সাবেক এই অধিনায়ক ও কোচ। খেলোয়াড়ি জীবন থেকে শুরু করে কোচিং— দুই ভূমিকাতেই রেখে গেছেন অবিস্মরণীয় অবদান। তার হাত ধরেই ৮০ ও ৯০–এর দশকে অস্ট্রেলিয়া নতুন করে বিশ্ব ক্রিকেটে আধিপত্য প্রতিষ্ঠা করে।

১৯৫৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক হয় সিম্পসনের। ক্যারিয়ারে ৬২ টেস্ট খেলে ৪৮৬৯ রান করেন তিনি, ব্যাটিং গড় ছিল ৪৬.৮১। ১০ সেঞ্চুরি ও ২৭টি অর্ধশতকের মালিক সিম্পসন শুরুতে ছিলেন অলরাউন্ডার, তবে ১৯৬০–এর দশকে হয়ে ওঠেন দলের অন্যতম নির্ভরযোগ্য ওপেনার। ১৯৬৪ সালে এক মৌসুমে রেকর্ড ১৩৮১ রান করেন এবং ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারসেরা ৩১১ রানের ইনিংস খেলেন তিনি। ওপেনিংয়ে বিল লরির সঙ্গে তার জুটি ছিল প্রতিপক্ষের জন্য আতঙ্ক, দুজনে মিলে করেন ৩৫৯৬ রান— যা দীর্ঘদিন ধরে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ওপেনিং জুটি হিসেবে রেকর্ড হয়ে ছিল।

শুধু ব্যাট হাতে নয়, লেগস্পিনার হিসেবেও ছিলেন কার্যকর। টেস্টে নিয়েছেন ৭১ উইকেট, রয়েছে দুটি ফাইফারের কৃতিত্ব। ভারতের বিপক্ষে নিজের শেষ টেস্টে তুলে নেন ক্যারিয়ারসেরা ৮ উইকেট। প্রথম অবসরের পরও ১৯৭৭ সালে আবার মাঠে ফেরেন তিনি। সে সময় ওয়ার্ল্ড সিরিজ ক্রিকেটে বেশ কয়েকজন তারকা যোগ দেওয়ায় ৪১ বছর বয়সে আবারও জাতীয় দলের নেতৃত্ব নেন সিম্পসন। ভারতের বিপক্ষে হোম সিরিজ ও ওয়েস্ট ইন্ডিজ সফরে দলকে নেতৃত্ব দেওয়ার পর চূড়ান্তভাবে বিদায় নেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে।

খেলোয়াড়ি জীবনের পর কোচ হিসেবেও রেখে গেছেন সমান সাফল্যের ছাপ। তিনিই ছিলেন অস্ট্রেলিয়ার প্রথম পূর্ণ সময়ের কোচ। তার নেতৃত্বে অ্যালান বোর্ডার ও মার্ক টেইলরের দল ঘুরে দাঁড়িয়ে বিশ্ব ক্রিকেটে আধিপত্য প্রতিষ্ঠা করে। এজন্য অনেকেই তাকে অস্ট্রেলিয়ান ক্রিকেটের পুনর্জাগরণের স্থপতি হিসেবে মনে করেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ড শোকবার্তায় বলেছেন, “বব সিম্পসন ছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের অন্যতম মহারথী। তাকে কাছ থেকে দেখা কিংবা তার কাছ থেকে শেখার সৌভাগ্য যাদের হয়েছে, আজকের এই দিনটি তাদের জন্য গভীর শোকের।”

একই সঙ্গে খেলোয়াড়, অধিনায়ক ও কোচ— এই তিন ভূমিকাতেই সমান কৃতিত্ব রেখে যাওয়া বব সিম্পসনের মৃত্যুতে ক্রিকেট বিশ্ব হারাল এক সত্যিকারের কিংবদন্তিকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »