যুক্তরাষ্ট্রের মাইনর লিগে সাকিব, খেলবেন আটলান্টা ফায়ার্সে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান এবার নতুন অভিজ্ঞতায় নাম লিখাচ্ছেন যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে। রাজনৈতিক অস্থিরতার কারণে দীর্ঘদিন ধরে দেশে ফেরেননি তিনি, সময় কাটাচ্ছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ফ্র্যাঞ্চাইজি লিগ ও ব্যক্তিগত ব্যস্ততায়। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) শেষ করেই এবার যুক্তরাষ্ট্রের ঘরোয়া মঞ্চে নামতে যাচ্ছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মাইনর লিগে খেলতে যাচ্ছেন সাকিব। যদিও এই প্রতিযোগিতাটি এখনো আইসিসির আনুষ্ঠানিক অনুমোদন পায়নি, তবে মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) উন্নয়নমূলক ধাপ হিসেবে এর গুরুত্ব বাড়ছে। ২০২৩ সাল থেকে লিগটিকে আইসিসির উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া পর্যালোচনায় রয়েছে।

সাকিবকে দলে নিয়েছে বাংলাদেশি মালিকানাধীন ক্লাব আটলান্টা ফায়ার্স। আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে তিনি ওয়াইল্ড কার্ড সুবিধায় বিদেশি কোটায় খেলবেন। এই একই কোটায় আগেও খেলেছেন আরেক বাংলাদেশি অলরাউন্ডার নাসির হোসেন।

বর্তমানে স্ত্রী ও সন্তানদের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব। যদিও স্ত্রী মার্কিন নাগরিক, তবুও সাকিব এখনো মার্কিন নাগরিকত্ব নেননি। নিউইয়র্কে স্থানীয় কিছু ম্যাচে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলার পর এবার তাঁর মঞ্চ আরও বড় হতে যাচ্ছে—মাইনর লিগের প্রতিযোগিতা।

এই অংশগ্রহণ সাকিবের যুক্তরাষ্ট্রে ক্রিকেটের প্রসার এবং বাংলাদেশি কমিউনিটির সঙ্গে তাঁর সম্পর্ককে আরও দৃঢ় করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »