সিপিএলে প্রত্যাবর্তনের দিন বিবর্ণ সাকিব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) প্রত্যাবর্তনের ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স দিতে পারলেন না সাকিব আল হাসান। বৃহস্পতিবার নতুন দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে মাঠে নেমে ব্যাট হাতে করেন মাত্র ১৬ বলে ১১ রান, আর বল হাতে সুযোগ পান মাত্র এক ওভার—সেখানেও উইকেটশূন্য থেকে খরচ করেন ৬ রান। দলও হেরেছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ৬ উইকেটে।

ওয়ার্নার পার্কে টস হেরে আগে ব্যাট করতে নেমে অ্যান্টিগা থেমে যায় ১২১ রানে। একাই প্রতিরোধ গড়েন মার্কিন অলরাউন্ডার কারিমা গোরে—৩৪ বলে ৮ চার ও ২ ছক্কায় করেন ৬১ রান। বাকি ব্যাটারদের মধ্যে কেউই ১২ রানের বেশি করতে পারেননি। আফগান রিস্ট স্পিনার কাইস আহমদ সালামখেইল দুর্দান্ত বোলিং করে ২২ রানে নেন ৪ উইকেট; সমান ২টি করে উইকেট পেয়েছেন ফাজালহাক ফারুকি ও পাকিস্তানের নাসিম শাহ।

জবাবে সেন্ট কিটস শুরুতেই আক্রমণাত্মক ব্যাটিং করে জয়ের পথ সহজ করে নেয়। ওপেনার এভিন লুইস ১৩ বলে ২৫ রান করেন। আন্দ্রে ফ্লেচার ১৯, কাইল মেয়ার্স ১৫ রান করলেও শেষ পর্যন্ত আলিক আথানেজ (২৮ বলে অপরাজিত ৩৭) ও জেসন হোল্ডার (১৪ বলে অপরাজিত ১৮) দলকে সহজ জয় এনে দেন ১৫ বল বাকি থাকতেই। অ্যান্টিগার হয়ে রাহকিম কর্নওয়াল ২ উইকেট নেন, আর একটি করে উইকেট ভাগাভাগি করেন ওবেড ম্যাককয় ও এএম গাজানফার।

এই ম্যাচ দিয়ে দুই মৌসুম পর সিপিএলে ফিরলেন সাকিব, যিনি এর আগে বারবাডোজ ট্রাইডেন্টস, জ্যামাইকা তালাহওয়াস ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলেছেন। তবে নতুন অধ্যায়ের শুরুটা হলো কিছুটা বিবর্ণভাবেই।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »