চিটাগং কিংসের আর্থিক অনিয়মে বিসিবির কঠোর অবস্থান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বিপিএল মানেই যেন বিতর্ক—প্রায় প্রতিটি আসরের পরই উঠে আসে অনিয়ম, বকেয়া ও আর্থিক জটিলতার অভিযোগ। এবার এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে চিটাগং কিংস। প্রথম (২০১২) ও দ্বিতীয় (২০১৩) আসরের প্রাপ্য অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় ফ্র্যাঞ্চাইজিটির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, চিটাগং কিংসের মালিকানাধীন প্রতিষ্ঠান এস.কিউ. স্পোর্টস ফ্র্যাঞ্চাইজি ফি, কর, খেলোয়াড় ও কোচিং স্টাফদের বেতনসহ বিভিন্ন পাওনা দীর্ঘদিন ধরে পরিশোধ করেনি। ২০১৩ সাল থেকে একাধিকবার নোটিশ ও আইনি ব্যবস্থা নেওয়া হলেও পরিস্থিতির উন্নতি হয়নি।

২০২৪ সালের ২০ সেপ্টেম্বর উভয় পক্ষের মধ্যে সমঝোতা হলেও বিসিবির দাবি—প্রতিষ্ঠানটি এখনো এক টাকাও পরিশোধ করেনি। ফলে চলতি বছরের ২২ জুলাই চুক্তি বাতিল করে নতুনভাবে প্রায় ৩৭ লাখ ৮২ হাজার ১৫৬ মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৪ কোটি ৫০ লাখ টাকা দাবি করেছে বোর্ড। এর মধ্যে মূল বকেয়া প্রায় ১৫ লাখ ৫০ হাজার ৬৪ ডলার এবং সুদ বাবদ আরও ২২ লাখ ৩২ হাজার ৯২ ডলার যোগ হয়েছে।

বিসিবি স্পষ্ট জানিয়েছে, এবার আর কোনো ছাড় দেওয়া হবে না। বোর্ডের অভিযোগ, বিপিএলের ১১তম আসরেও খেলোয়াড়, কোচ, হোটেল ও অন্যান্য সরবরাহকারীদের পাওনা শোধ করেনি চিটাগং কিংস। এসব কারণে নিয়মিতভাবে বিসিবির কাছে আসছে পাওনাদারদের নোটিশ।

এবারের কঠোর অবস্থান বোঝাচ্ছে—বিসিবি ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক অনিয়মে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করতে চায়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »