নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সফরে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। চোটের কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন দুই অলরাউন্ডার মিচেল ওয়েন ও ম্যাট শর্ট, সঙ্গে পেসার ল্যান্স মরিস। এর মধ্যে ওয়েন খেলতে পারবেন না চলমান টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটিও।
টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদার একটি শর্ট বল সরাসরি আঘাত করে ওয়েনের হেলমেটে। প্রথমে কনকাশন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ব্যাটিং চালালেও, ম্যাচ শেষে তার মধ্যে কনকাশনের উপসর্গ ধরা পড়ে। ক্রিকেট অস্ট্রেলিয়ার নিয়ম অনুযায়ী অন্তত ১২ দিন পর্যবেক্ষণে থাকতে হবে তাকে। ফলে এই সফরে ওয়ানডে অভিষেকের স্বপ্ন আর পূরণ হচ্ছে না তার।
পেসার ল্যান্স মরিসের চোট আরও জটিল। দীর্ঘদিনের পিঠের সমস্যায় ভুগতে থাকা মরিসকে ফের পাঠানো হয়েছে নিজ শহর পার্থে, যেখানে বিস্তারিত চিকিৎসা হবে। এতে সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া ‘এ’ দলের ভারত সফরে তার অংশগ্রহণও অনিশ্চিত হয়ে পড়েছে।
অন্যদিকে ম্যাট শর্ট ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে সাইড স্ট্রেইন ইনজুরিতে ভুগছিলেন। প্রথম দুই টি-টোয়েন্টি থেকে ছিটকে যাওয়ার পর শেষ ম্যাচে ফেরার আশা থাকলেও সেটিও সম্ভব হচ্ছে না। এর আগে চলতি বছরের শুরুর দিকে চ্যাম্পিয়নস ট্রফিতেও ঊরুর চোটে পড়েছিলেন তিনি।
অস্ট্রেলিয়ার স্কোয়াডে পরিবর্তন হিসেবে টি-টোয়েন্টি দলে আগেই যুক্ত হয়েছেন অলরাউন্ডার অ্যারন হার্ডি, আর ওয়ানডে দলে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার ম্যাট কুনেমান। তার অন্তর্ভুক্তিতে অ্যাডাম জাম্পার সঙ্গে ‘ডাবল স্পিন’ আক্রমণ দেখাতে পারে অস্ট্রেলিয়া। এছাড়া অসুস্থতার কারণে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে না পারা জশ ইংলিসের জায়গায় মাঠে নেমেছিলেন উইকেটকিপার অ্যালেক্স ক্যারি, যা ছিল ২০২১ সালের পর তার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।
টি-টোয়েন্টি সিরিজ বর্তমানে ১-১ সমতায় রয়েছে। আগামী শনিবার কেয়ার্নসে হবে সিরিজের শেষ ম্যাচ। এরপর ১৯ আগস্ট একই ভেন্যুতে শুরু হবে ওয়ানডে সিরিজ, বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ম্যাকায়েতে ২২ ও ২৪ আগস্ট।
