শচীনের ছেলে অর্জুনের বাগদান, জীবনসঙ্গী ব্যবসায়ী সানিয়া চন্দোক-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ভারতের ক্রিকেট ইতিহাসের জীবন্ত কিংবদন্তি শচীন টেন্ডুলকরের ছেলে অর্জুন টেন্ডুলকর জীবনের নতুন এক অধ্যায়ে পা রাখলেন। বুধবার মুম্বাইয়ে পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে তার বাগদান। অর্জুনের জীবনসঙ্গী হতে যাচ্ছেন সানিয়া চন্দোক, যিনি মুম্বাইয়ের প্রভাবশালী ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি। ঘাই পরিবার ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ ও হোটেল শিল্পে সুপরিচিত, তারা ইন্টারকন্টিনেন্টাল হোটেল ও ব্রুকলিন ক্রিমারি আইসক্রিম ব্র্যান্ডের মালিক।

২৫ বছর বয়সী অর্জুন টেন্ডুলকর পেশাদার ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বাঁহাতি পেসার হলেও ব্যাট হাতে তিনি সমান কার্যকর। আইপিএলে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন এবং ঘরোয়া ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন গোয়ার হয়ে। তার প্রথম শ্রেণির ক্রিকেট অভিজ্ঞতা ১৭ ম্যাচ এবং লিস্ট ‘এ’ ফরম্যাটে ১৮ ম্যাচ।

অন্যদিকে সানিয়া চন্দোক নিজেও সফল ব্যবসায়ী। ব্যক্তিগতভাবে একাধিক প্রতিষ্ঠানের মালিক হওয়ার পাশাপাশি পারিবারিক ব্যবসার দায়িত্বও সামলাচ্ছেন তিনি। বিলাসবহুল জীবনযাপন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় থাকা তার স্বভাব নয়; বরং তিনি ব্যক্তিগত জীবনকে সীমিত পরিসরে রাখতে পছন্দ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, অর্জুন ও সানিয়া দীর্ঘদিন ধরে সম্পর্কের বন্ধনে ছিলেন। দুই পরিবারের সম্মতি ও আশীর্বাদ নিয়েই তারা বাগদানের সিদ্ধান্ত নেন। শচীন-পুত্র অর্জুনকে নিয়ে এর আগে খুব বেশি ব্যক্তিগত গুঞ্জন শোনা না গেলেও, এবার জীবনের এই নতুন অধ্যায় তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »