নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিউজিল্যান্ড জাতীয় দলে ১৭ টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকা টপঅর্ডার ব্যাটসম্যান টম ব্রুস এবার ক্রিকেটের নতুন অধ্যায়ে নাম লিখাচ্ছেন স্কটল্যান্ডের হয়ে। চলতি মাসের শেষ দিকে, কানাডায় শুরু হতে যাওয়া ক্রিকেট বিশ্বকাপ লিগ-২-এ (বিশ্বকাপ বাছাইপর্ব) স্কটিশ জার্সিতে মাঠে নামবেন ৩৪ বছর বয়সী এই ব্যাটার।
বাবার জন্ম এডিনবরা হওয়ায় স্কটল্যান্ডের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন ব্রুস। ২০১৬ সালে স্কটল্যান্ড ডেভেলপমেন্ট দলের হয়ে খেলার পর নিউজিল্যান্ডে পাড়ি জমান তিনি। ২০১৪ সাল থেকে নিউজিল্যান্ডের ক্লাব সেন্ট্রাল ডিসট্রিক্টসে ঘরোয়া ক্রিকেট খেলেছেন এবং ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে জাতীয় দলে ১৭ টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেন। সর্বশেষ গায়ানার প্রভিডেন্সে গ্লোবাল সুপার লিগে সেন্ট্রাল ডিসট্রিক্টসের হয়ে পারফরম্যান্স দেখিয়েছেন।
ব্রুস ক্রিকেট স্কটল্যান্ডকে বলেন, “আমার পরিবারে দীর্ঘ স্কটিশ ইতিহাস রয়েছে। আমি গর্বিত যে বিশ্ব মঞ্চে স্কটল্যান্ডের প্রতিনিধিত্ব করতে পারছি। পাঁচ বছর আগে নিউজিল্যান্ডের হয়ে খেলার সৌভাগ্য আমার হয়েছিল। এখন আমার লক্ষ্য আমার দক্ষতা দেখানো এবং স্কটল্যান্ডকে সাফল্য অর্জনে সাহায্য করা।”
তিনি আরও বলেন, “২০১৬ সালে অল্প সময়ের জন্য স্কটল্যান্ডের সেটআপে ছিলাম, তখন অনেক বর্তমান খেলোয়াড়ের সঙ্গে খেলেছি। তাদের অগ্রগতি দেখার অভিজ্ঞতা চমৎকার। আবারও তাদের সঙ্গে যুক্ত হয়ে দলকে সহায়তা করতে চাই। আমার লক্ষ্য ধারাবাহিক ও মানসম্মত ক্রিকেট খেলা এবং দলকে বিশ্বকাপে পৌঁছে দেওয়া।”
ব্রুস প্রথমবারের মতো ২০১৫-১৬ সুপার স্ম্যাশে সেন্ট্রাল ডিসট্রিক্টসের হয়ে ১৪০.২৫ স্ট্রাইক রেটে ২২৩ রান করেন। উদ্ভাবনী শট খেলায় পরিচিত এই ব্যাটার পরের মৌসুমেও সুপার স্ম্যাশে দারুণ পারফরম্যান্স দেখান। ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ড দলে অভিষেক ঘটে; প্রথম ম্যাচে ৯ বলে ৭ রান করে রানআউটের শিকার হন।
যদিও ঘরোয়া ক্রিকেটে তার পারফরম্যান্স প্রশংসিত, আন্তর্জাতিক স্তরে ব্রুস তেমন সফলতা পাননি। ১৭ ইনিংসে তার সংগ্রহ ২৭৯ রান, স্ট্রাইক রেট ১২২.৩৬, এবং দুটি অর্ধশতক রয়েছে। স্কটল্যান্ডে যোগদানের মাধ্যমে তিনি নতুনভাবে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ছাপ রাখতে চাইছেন।
