নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে এবার দেখা যেতে পারে সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলতে বিসিবির কাছে ইতোমধ্যেই অনাপত্তিপত্রের (এনওসি) জন্য আবেদন করেছেন বাঁহাতি এই গতি তারকা।
আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন মুস্তাফিজ। একই মালিকানাধীন দুবাই ক্যাপিটালস এবার তাকে দলে ভিড়িয়েছে সংযুক্ত আরব আমিরাতের এই মর্যাদাপূর্ণ টি-টোয়েন্টি লিগে। আইপিএল, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও লঙ্কা প্রিমিয়ার লিগে নিয়মিত খেলা হলেও আইএল টি-টোয়েন্টির অভিষেক হতে যাচ্ছে এবারই প্রথম।
আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ২০২৫ আসরের প্লেয়ার্স ড্রাফট, তবে তার আগেই দল পেয়ে গেছেন ‘দ্য ফিজ’। সব কিছু ঠিক থাকলে, আগামী ২ ডিসেম্বর শুরু হয়ে ২০২৬ সালের ৪ জানুয়ারি ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের আসর। তবে একই সময়ে দেশে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বিপিএলের। যদি বিপিএল পেছানো হয়, তবে মুস্তাফিজের এনওসি অনুমোদন পেতে তেমন বাধা থাকবে না।
টি-টোয়েন্টি ক্রিকেটে মুস্তাফিজ এখন পর্যন্ত ২৮৯ ম্যাচে অংশ নিয়ে শিকার করেছেন ৩৬২ উইকেট। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন চারবার, ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৭.৪৫ করে। ধারাবাহিক পারফরম্যান্স ও আন্তর্জাতিক অভিজ্ঞতার কারণে তাকে দুবাই ক্যাপিটালসের জন্য বড় ভরসা হিসেবে দেখা হচ্ছে।
