নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ফারুক আহমেদের বিসিবি সভাপতি থাকা আর না থাকা নিয়ে দিনভর নানা খবর এবং অভিযোগ-পাল্টা অভিযোগ পাওয়া যায়। শেষ পর্যন্ত বৃহস্পতিবার (২৯ মে) রাতেই এলো বড় খবর। বিসিবি পরিচালক হিসেবে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে দিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
বৃহস্পতিবার রাত ১১টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনয়ন বাতিলের বিষয়টি নিশ্চিত করা হয়। বিসিবি সভাপতির দায়িত্বে থাকার শর্তও তাই স্বয়ংক্রিয়ভাবেই হারিয়ে ফেলেন ফারুক।

গেল ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এনএসসি ফারুক আহমেদকে বিসিবি পরিচালক হিসেবে মনোনয়ন দেয়। এরপরেই তিনি সভাপতি নির্বাচিত হয়েছিলেন। মনোনয়নের ৯ মাস পরই এনএসসি তার মনোনয়ন বাতিল করে দিল। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, নির্বাচিত পরিচালকদের পাশাপাশি এনএসসি থেকে সরাসরি দুজন বিসিবি পরিচালনা পর্ষদে জায়গা পান।
এই ক্যাটাগরিতে থেকে পরিচালক ছিলেন আহমেদ সাজ্জাদুল আলম ও জালাল ইউনুস। কিন্তু দেশে রাজনৈতিক পরিবর্নের পর জালাল পদত্যাগ করেন, আর সাজ্জাদুলের মনোনয়ন বাতিল করা হয়। দুটি পদে পরবর্তীতে জায়গা পান ফারুক ও নাজমুল আবেদীন।
এর আগে ফারুকের বিরুদ্ধে আনাস্থা জানিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবির নয় পরিচালকের মধ্যে ৮ পরিচালকই চিঠি দেয়। চিঠির বিষয় উল্লেখ করা হয় ‘বিসিবি সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন।’
আরএ/নিউজক্রিকেট২৪
