টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে উঠতে চান মিরাজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আইসিসি টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে কয়েকদিন আগেই দুইয়ে উঠে এসেছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজে ব্যাটে-বলে অলরাউন্ড পারফর্ম করেছেন তিনি। টেস্ট ফরম্যাটে এক ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা দুইয়ে আছেন মিরাজ। ৩২৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ভারতের রবীন্দ্র জাদেজার চেয়ে ৭৩ পয়েন্ট পেছনে মিরাজ।

এবার এই ব্যবধান কমিয়ে টেস্টে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে উঠতে চান মিরাজ। মঙ্গলবার (১৩ মে) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি একথা জানান। মিরাজ বলেন, ‘অবশ্যই খুবই ভালো লাগার বিষয়। সত্যি কথা বলতে এক নম্বরে আসতে পারলে আরও ভালো লাগবে। লক্ষ্য তো অবশ্যই অনেক উপরে যাওয়ার। দিন শেষে নিজে ফিট থাকতে হবে, ভালো খেলতে হবে, পারফরম্যান্স করতে হবে; তো ওভাবে অনেক বড় চিন্তা করছি না। ছোট ছোট ভাবে এগোতে চেষ্টা করছি।’

এসময় মিরাজ বাংলাদেশেন নতুন পেস বোলিং কোচ শন টেইটকে নিয়ে কথা বলেন। জানান শন টেইটের মতো হেল্পফুল একজন কোচ থাকা খুবই জরুরী দলের জন্য। মিরাজ বলেন, ‘শন টেইটের সঙ্গে এর আগে আমি কাজ করেছিলাম। আমি যে বার বিপিএলে অধিনায়ক ছিলাম চিটাগংয়ের সে বার শন টেইট কিন্তু কোচ ছিল। তো আমার কাছে মনে হয় ওর সাথে বোঝাপড়াটা খুব ভালো ছিল। একজন মানুষ হিসেবে ও (শন টেইট) অনেক ভালো। অনেক দয়ালু এবং সাহায্যকারী।’

মিরাজ আরও বলেন, ‘আমার মনে হয় এরকম টাইপের কোচ থাকা দলের জন্য খুবই ভালো। আমি নিজেও ওকে ব্যক্তিগতভাবে চিনি জানি ও খেলোয়াড়দের অনেক সাপোর্ট করে। এবং ও নিজে যেহেতু আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে অস্ট্রেলিয়ার মতো দলে। ও জানে এখানে কি করতে হবে। আমার মনে হয় এটা ভালো পজিটিভ দিক আমাদের দলের জন্য যে ওকে বেছে নেওয়া হয়েছে।’

 

আরএ/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »