নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন অস্ট্রেলিয়ার সাকেব পেসার শন টেইট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত টেইটের সঙ্গে চুক্তি করেছে। ৪২ বছর বয়সী টেইট চলতি মাসের শেষের দিকে দলের সঙ্গে যোগ দেবেন।
টাইগার পেসারদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন টেইট। বাংলাদেশ ক্রিকেটে যে নতুন যুগ শুরু হয়েছে এর চেয়েও আরও ভালো ফলাফল এনে দিতে চান টেইট। বিশেষ করে নাহিদ রানা, হাসান মাহমুদ, এবাদত হোসেনদের তরুণ পেসারদের পাশাপাশি তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানের মতো অভিজ্ঞ পেসারদের সঙ্গে কাজ করতে টেইট মুখিয়ে আছেন।
বাংলাদেশের কোচ হয়ে টেইট বলেন, ‘ভালো একটা সময়ে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হলাম। এখন তাদের নতুন যুগ চলছে। যে কথা অনেকবারই সাম্প্রতিককালে বলা হয়েছে, অনেক তরুণ পেসার আছে দলে যা দারুণ ব্যাপার।’
এর আগে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এই অজি পেসারের। অনেক ক্রিকেটারের তার চেনা জানা টেইটের। বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতিও ভালোই জানা রয়েছে তার। টেইট বলেন, ‘এটা আন্তর্জাতিক ক্রিকেট, ডেভেলপমেন্ট দল নয়। এখানে সবাই চায় ফলাফল। আমারও সেদিকেই মনোযোগ। যত বেশি সম্ভব জয় এনে দিতে চাই।’
এর আগে সবশেষ বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করেন আন্দ্রে অ্যাডামস। তবে তার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই পারস্পারিক সমঝোতার মধ্য দিয়ে তাকে বিদায় করে দেয় বিসিবি। অ্যাডামসকে বিদায় করেই নতুন পেস বোলিং কোচ হিসেবে শন টেইটকে নিয়োগ দেয় বিসিবি।
আরএ/নিউজক্রিকেট২৪
