নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বেশ কয়েক দিন ধরে মুখোমুখি অবস্থান ও তীব্র উত্তেজনার পর বুধবার মধ্যরাতে পাকিস্তান ও আজাদ কাশ্মিরের ৯টি স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ভারত। বিপরীতে পাকিস্তানও দিয়েছে পাল্টা জবাব। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে পিএসএলের বৃহস্পতিবারের (০৮ মে) ম্যাচ স্থগিত করা হয়েছে। আর এমন পরিস্থিতিতে শঙ্কা জেগেছে চলতি মাসে বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়েও।
বৃহস্পতিবার বিসিবি পরিচালক আকরাম খান আসন্ন এই সিরিজ নিয়ে বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে আমরা অবশ্যই যাব। আমাদের কিছু দিন অপেক্ষা করতে হবে, পাকিস্তান কী বলছে সেটাও আমাদের মূল্যায়ন করতে হবে। ওদের পরিস্থিতি ওরা আমাদের চেয়ে ভালো জানবে। এটা ওদের সিদ্ধান্ত। পরিস্থিতি বেশি খারাপ হলে আমাদের ঠিক করতে হবে আমরা যাব কি না।’
ক্রিকেটারদের নিরাপত্তা সবার আগে বিবেচনা করবে বাংলাদেশ-জানিয়ে তিনি বলেন, ‘খেলোয়াড়দের নিরাপত্তা সবার আগে। এটাই আমাদের কাছে সবচেয়ে জরুরি। আমরাও সেদিকেই গুরুত্ব দিচ্ছি। আমার মনে হয়, আমাদের আরও ২-৩ দিন অপেক্ষা করে দেখা উচিত পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে। বাংলাদেশের পাকিস্তানে যাওয়ার কথা। ভারতেরও বাংলাদেশে আসার কথা। আবার এশিয়া কাপ আছে। সবকিছু মিলিয়ে, পরিস্থিতি শান্ত না হলে একটু কঠিন হয়ে যাবে। আল্লাহ না করুক, পরিস্থিতি যেন আরও খারাপ না হয়।’
এদিকে পিএসএল খেলতে পাকিস্তানে রয়েছেন দুই বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। তাদেরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে বলে দেশের একটি গনমাধ্যমকে জানিয়েছে বিসিবির একটি সূত্র।
পিএসএলে থাকা ক্রিকেটারদের নিয়ে বৃহস্পতিবার (০৮ মে) একটি সংবাদবিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি। এতে বলা হয়, বোর্ড পিসিবি এবং পাকিস্তানে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে, যাতে পাকিস্তানে অবস্থানকালে ক্রিকেটাররা নিজেদের নিরাপদ এবং সুরক্ষিত অনুভব করেন তা নিশ্চিত করা যায়। পাশাপাশি খেলোয়াড়দের পাকিস্তান ত্যাগের সময় যেন সব ব্যবস্থা সময়মতো এবং নিরাপদভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে বিসিবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে।
আরএ/নিউজিক্রিকেট২৪
