নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সিলেটে দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ড ‘এ’ দলকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। সোহান ও অঙ্কনের সেঞ্চুরিতে কিউই ‘এ’ দলকে ৮৭ রানের বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে নুরুল হাসান সোহানের দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১২ রানে সাজঘরে ফেরেন ওপেনার পারভেজ ইমন। দ্বিতীয় উইকেট জুটিতে ৭৩ রান যোগ করেন নাঈম শেখ ও এনামুল হক বিজয়। এনমুল ৩৯ ও নাঈম ৪০ রান করে আউট হলে ৯৭ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ ‘এ’ দল।
এরপর চতুর্থ উইকেট জুটিতে মাহিদুল ইসলাম অঙ্কন ও নুরুল হাসান সোহান দলকে বড় সংগ্রহের পথ দেখান। কিউই বোলারদের ওপর আধিপত্য দেখান তারা। এই দুজনের ব্যাটেই দলীয় স্কোর তিনশ ছাড়ায়। জুটিও দুইশ ছাড়ায়। সোহান দারুণ এক সেঞ্চুরি তুলে নেন। সোহান ১০২ বলে ১১২ রান করে আউট হলে ভাঙ্গে ২২৫ রানের চতুর্থ উইকেট জুটি।
সোহানের বিদায়ের পর সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা অঙ্কনও দারুণ সেঞ্চুরি তুলে নেন। ১০৫ রান করে ইনিংসের শেষ ওভারে আউট হন অঙ্কন। ৫ উইকেটে ৩৪৪ রানের বিশাল সংগ্রহ দাড় করায় বাংলাদেশ ‘এ’ দল।
৩৪৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে টাইগার ‘এ’ দলের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেনি কিউই ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৩.১ ওভারে ২৫৭ রানে অলআউট হয় নিউজিল্যান্ড ‘এ’ দল। ডেলি ফিলিপস সর্বোচ্চ ৭৯ রান করেন। টাইগার ‘এ’ দলের মোছাদ্দেক ৩টি, শরিফুল, তানভীর ও শামীম পাটোয়ারী ২টি করে এবং রেজাউর রাজা ১টি উইকেট নেন।
আরএ/নিউজক্রিকেট২৪
