মাঠে ফিরতে তাসকিনকে অপেক্ষা করতে হবে আরও এক মাস

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইনজুরির কারণে ঘরের মাটিতে অনুষ্ঠিত সবশেষ জিম্বাবুয়ে সিরিজে খেলতে পারেননি পেসার তাসকিন আহমেদ। সিরিজ শুরুর আগেই গোড়ালির চোটের জন্য তাসকিন মাঠের বাইরে চলে যান। এরপর এই টাইগার পেসার চিকিৎসকের পরামর্শ নিতে যান ইংল্যান্ডে । সেখানে সবমিলিয়ে তিন জন ক্রীড়া ফিজিশিয়ানকে দেখান তাসকিন।

সেখান থেকে স্বস্তির খবর পেয়েছেন তাসকিন। আপাতত অস্ত্রপচার করাতে হবে না। তাসকিন কবে মাঠে ফিরবেন তা নিয়ে ছিল অনিশ্চয়তা। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী মঙ্গলবার (০৬ মে) এক বিবৃতিতে বলেন, ‘বিশেষজ্ঞরা মনে করেন, এই মুহূর্তে তাসকিনের জন্য রক্ষণশীল বা অস্ত্রোপচারহীন চিকিৎসাই সর্বোত্তম পদ্ধতি। পুনর্বাসন প্রোগ্রামটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ধাপে ধাপে তার ফিটনেস ফিরে আসে এবং টেন্ডনের সমস্যা কার্যকরভাবে নিয়ন্ত্রণে থাকে। আমরা তার উন্নতির ব্যাপারে আশাবাদী।’

শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জুন-জুলাইয়ে লঙ্কা সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। বিসিবির প্রধান চিকিৎসক জানান এই  সিরিজ দিয়েই তাসকিন মাঠে ফিরতে পারেন। দেবাশীষ বলেন, ‘তাসকিনের পুনর্বাসন সফলভাবে সম্পন্ন হলে, জুনের শুরুতে তিনি ম্যাচ ফিটনেস ফিরে পাবেন বলে আশা করা যায়।’

আরও এক মাস মাঠের বাইরে থাকতে হবে ডানহাতি এই অভিজ্ঞ পেসারকে।

 

আরএ/নিউজক্রিকেট২৪

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »