নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শনিবার (০৩ মে) আত্মপ্রকাশ ঘটলো বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের। জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ নির্বাচন নিয়েও। জানিয়েছেন যোগ্য লোকরাই যেনো বোর্ডে জায়গা পায়।
জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে শনিবার বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলে সাবেক অধিনায়ক তামিম ইকবাল। একজন ক্রিকেটার হিসেবে বিসিবির নির্বাচন থেকে শুরু করে মূলত ক্রিকেট নিয়েই কথা বলেছেন তামিম।
আর কয়েক মাস পর বিসিবির নির্বাচন। সেই নির্বাচনে যোগ্য লোকদের বাছাই করার তাগিদও দিয়েছেন তামিম। তিনি বলেন, ‘আমি ছোট হয়ে আপনাদের একটা জিনিস অনুরোধ করব—যারা যোগ্য ক্রিকেট বোর্ডকে প্রতিনিধিত্ব করার জন্য, জেলা থেকে হোক বা বিভাগ থেকে হোক…যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়া আছে, যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই, আমি অনুরোধ করব তাদেরই নির্বাচিত করুন।’
বোর্ড পরিচালক হওয়ার পর নিজের এলাকাতেই লিগ আয়োজন না করতে পারাদের সমালোচনা করে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘ক্রিকেটকে আমরা বাংলাদেশের সবচেয়ে বড় খেলা মনে করি। অন্যান্য খেলার প্রতি শ্রদ্ধা রেখেই এটা বলছি। তবে সবচেয়ে বড় খেলায় যদি এমনটা হয়, কেউ যদি নিজের জেলা-বিভাগে ক্রিকেটে উন্নতি না করে তাহলে তার বোর্ডে আসা প্রয়োজন নেই।’
আরএ/নিউজক্রিকেট২৪
