নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ফ্যাসিস্ট রাজনীতির সঙ্গে নিজের কোনো প্রকার সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ । তাছাড়া নিজেকে নিয়ে সমালোচনার জবাবে গঠনমূলক পরামর্শের আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে ভারত সিরিজ বাতিলের গুঞ্জন নাকচ করে দিয়েছেন ফারুক আহমেদ। জানান, বিসিসিআই এখনো সিরিজ বাতিলের ব্যাপারে যোগাযোগ করেনি। আরও জানাচ্ছেন তাজবিহ স্মরণ…
গত কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ। রাজনৈতিক সংশ্লিষ্টতা ও দুর্নীতির অভিযোগ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। তবে এবার সব অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন বিসিবি বস।
বিসিবির মতো বৃহৎ প্রতিষ্ঠানের শীর্ষ পদে থাকলে সমালোচনা হবে—এটা মেনে নিচ্ছেন ফারুক আহমেদ নিজেও। তবে তিনি আহ্বান জানান সেই সমালোচনা যেন হয় গঠনমূলক এবং বাস্তবনির্ভর। তিনি বলেন, ‘ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হতে অনেকের অনেক ইন্টারেস্ট। তারাও হতে পারে। ভালো কাজগুলো নিচে পড়ে যায় এসব বাইরের প্রভাবে। আমরা ভালো কাজের প্রশংসা করব, খারাপ কাজেরও সমালোচনা হবে। আমার মূল দায়িত্ব বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেওয়া, ওইগুলোতে যে আমার ত্রুটিগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব, তারপর বাকি কাজ ।’
আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ প্রসঙ্গে বিসিবি সভাপতি জানান কোনো ফ্যাসিস্টের সঙ্গে তার বিন্দুমাত্র সম্পর্ক নেই। বিসিবি সভাপতি বলেন, ‘আমার ফ্যাসিস্টের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ফ্যাসিস্ট রেজিমের সঙ্গে যদি সম্পর্ক থাকত, আমি আজকে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতাম না। আমি কিন্তু (বিসিবি) প্রেসিডেন্ট এই নতুন সরকারের। এটা আপনাদের বুঝতে হবে। নতুন সরকার যদি দেখত বিন্দুমাত্র সংশ্লিষ্টতা আছে (সর্বশেষ সরকারের সঙ্গে) আমার, তাহলে কিন্তু আমি এখানে আসতাম না আজকে।’
এদিকে ভারত-পাকিস্তান টানাপোড়েনের ছায়া পড়তে পারে বাংলাদেশের আসন্ন ভারত সিরিজের ওপর—এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া । তবে এ বিষয়ে বিসিবির পক্ষ থেকে মিলেছে আশ্বাস। বিসিবি সভাপতি জানালেন, এখন পর্যন্ত সিরিজ বাতিলের কোনো তথ্য নেই বিসিসিআইয়ের পক্ষ থেকে।
বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও খোলাখুলি কথা বলেন ফারুক আহমেদ। তরুণ ক্রিকেটারদের তুলে আনার প্রয়োজনীয়তার কথা জানিয়ে বলেন, টেস্টে উন্নতি করতে হলে ভালো দলের সঙ্গে খেলতেই হবে।
আরএ/নিউজক্রিকেট২৪
