এবার রিতুর বীরত্বে বাংলাদেশের আবারও রেকর্ডগড়া জয়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নারী বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে নিজেদের ওয়ানডে ইতিহাসে দলীয় সর্বোচ্চ সংগ্রহ আর রানের জয়ের দিক দিয়ে সর্বোচ্চ রানের জয়ের রেকর্ড গড়ে জিতেছিল বাংলাদেশ। আর আজ রোববার (১৩ এপ্রিল) দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে রান তাড়ায় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ে জিতলো নিগার সুলতানা জ্যোতির দল।

বিশ্বকাপ বাছাইয়ে রোববার রিতু মনির দুর্দান্ত ব্যাটিংয়ে আয়ারল্যান্ডকে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২৩৫ রানের টার্গেট ৮ বল হাতে রেখে ছুঁয়ে ফেলে জ্যোতিরা। এই মাঠেই পাকিস্তানের বিপক্ষে ২০১৯ সালে ২১১ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল টাইগ্রেসরা, যেটা ছিল এর আগে বাংলাদেশের ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। স্কোরবোর্ডে ২ রান যোগ হতেই ওপনার ফারজানা হক ০ ও ইশমা তানজিম ২ রান করে আউট হন। এরপর দলের হাল ধরেন শারমিন আক্তার ও জ্যোতি। ২৪ রান করে শারমিন সাজঘরে ফিরলে ৫৪ রানে তৃতীয় উইকেট হারায় দল।

এরপর সোবহানা মুস্তারি (৭) দ্রুত ফেরেন। তার পরপরই সাজঘরে ফেরেন ফিফটির দেখা পাওয়া অধিনায়ক জ্যোতিও। ৫১ রান করে জ্যোতির সাজঘরে ফেরেন। জ্যোতির বিদায়ের পর দলের হাল ধরেন রিতু। এক প্রান্তে আগলে রাখলেও আরেক প্রান্তে ফাহিমা খাতুন (২৮), জান্নাতুল ফেরদৌস (১৯), রাবেয়া খান (৫) উইকেটে থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি। তবে একক প্রচেষ্টায়ই দলকে জয়ের পথে রাখেন রিতু। জয়ের জন্য প্রয়োজন ২ রান। ফ্রি হিটে পাওয়া বল ক্রিজ ছেড়ে বেরিয়ে বল সীমানার ছাড়া করেই ব্যাট ফেলে, হেলমেট খুলে গর্জন ছুড়লেন অভিজ্ঞ অলরাউন্ডার। ডাগআউট থেকে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরলেন সতীর্থরা। ৬১ বলে অপরাজিত ৬৮ রানের দারুণ এক ইনিংস খেলে ম্যাচ সেরা হন রিতু। ৮ উইকেটে ২৪০ রান তুলে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই সারাহ ফোর্বসের উইকেট হারায় আয়ারল্যান্ড। দ্বিতীয় উইকেটে গ্যাবি লুইস ও এমি হান্টার ৫০ রানের জুটি গড়েন। চতুর্থ উইকেট জুটিতে ওরলা প্রেন্ডারগাস্ট ও লরা ডেলানি আরও ৭২ রান যোগ করেন । ৪১ রান করা প্রেন্ডারগাস্টকে আউট করে জুটি ভাঙেন রাবেয়া। ৬৩ রানের ইনিংস খেলে আউট হন ডেলানি। শেষ দিকে আর্লিন কেলির ১৭ বলে ২৪ রানের ক্যামিও ইনিংসে ভর করে আয়ারল্যান্ডের সংগ্রহ দাড়ায় ৮ উইকেটে ২৩৫ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রাবেয়া। এছাড়া ফাহিমার শিকার ২ উইকেট। আসরে দুই ম্যাচের দুটিতেই জিতে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে নিগার সুলতানা জ্যোতির দল।

 

সংক্ষিপ্ত স্কোর

আয়ারল্যান্ড: ৫০ ওভারে ২৩৫/৮ (সারাহ ৪, লুইস ২৪, হান্টার ৩৩, প্রেন্ডারগাস্ট ৪১, ডেলানি ৬৩, পল ১৯, রেইলি ১০, কেলি ২৪*, ক্যানিং ৪, ম্যাগুয়েইর ৮*; মারুফা ৮-১-৩৩-০, নাহিদা ১০-১-৪৫-০, ফাহিমা ৮-০-৫০-২, সুমনা ১০-০-৪২-১, রাবেয়া ১০-০-৩৯-৩, রিতু ৩-০-১৩-০, সোবহানা ১-০-৭-০)

বাংলাদেশ: ৪৮.৪ ওভারে ২৪০/৮ (ইশমা ২, ফারজানা ০, শারমিন ২৪, নিগার ৫১, সোবহানা ৭, রিতু ৬৭*, ফাহিমা ২৮, সুমনা ১৯, রাবেয়া ৫, নাহিদা ১৮*; প্রেন্ডারগাস্ট ৬-১-১৪-২, ম্যাগুয়েইর ৯-১-৪৩-১, কেলি ১০-১-৫৩-২, ক্যানিং ৭-০-৩৫-১, মারে ৯.৪-০-৬৫-১, ডেলানি ৭-০-২৮-১)

 

আরএ/নিউজক্রিকেট২৪

 

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »