সিঙ্গাপুরে চেকআপ করে দেশে ফিরেই মাঠে তামিম ইকবাল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সব কিছু ঠিক থাকলে ব্যাট হাতে মাঠে থাকতেন তিনি। হয়তো দ্যুতি ছড়াতেন। কিন্তু ২৪ মার্চ বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচের দিন সকালে বড় ধরনের হার্ট অ্যাটাকই সব এলোমেলো করে দেয় তামিম ইকবালকে। মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন তিনি। ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর এনজিওগ্রামেহার্টে ব্লক ধরা পড়লে তাৎক্ষণিকভাবে সাভারের কেপিজে হাসপাতালে সেদিনই রিংও পরানো হয়।

সাভার থেকে ঢাকায় এভারকেয়ারে আনার পর হৃদরোগের জটিলতা কাটিয়ে গেল গেল ২৮ মার্চ বাসায় ফেরে তামিম ইকবাল। ঈদের পর সিঙ্গাপুরের ফ্যারারপার্ক হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ মরিস চু’র চিকিৎসাধীন থেকে দেশে ফেরেন তামিম ইকবাল।

আর দেশে ফিরে বাসায় বসে থাকতে পারেননি তামিম। আজ শনিবার (১২ এপ্রিল) চলে যান মিরপুরে হোম অব ক্রিকেটে। মাঠে নামতে না পারলেও উপভোগ করে ডিপিএলে আবাহনী-মোহামেডান ম্যাচ। মূল গেটে গাড়ি থেকে নেমে তামিম চলে যান তার দল মোহামেডান ড্রেসিংরুমে। কোচিং, সাপোটিং স্টাফ ও রিজার্ভ ক্রিকেটারদের সাথে কিছুক্ষণ সময় কাটানোর পর মোহামেডান ও বিসিবি কর্তাদের সাথেও দেখা করেন তামিম।

শনিবার গণমাধ্যমের মুখোমুখি হন তামিমের চাচা আকরাম খান। জানান তার শারীরিক অবস্থা সব ঠিক আছে। আকরাম বলেন, ‘আল্লাহর রহমতে ও (তামিম) সিঙ্গাপুরে গিয়ে চেকআপ করেছে। এবং আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সবকিছু ঠিক আছে। আপনারা দোয়া করবেন।’

আকরামের গনমাধ্যমে কথা বলার প্রায় ঘন্টাখানেক পরই তামিম মিরপুরে যান। নিজ দলের খেলা দেখতেই তামিমের মাঠে যান বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »