নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামী ১৫ এপ্রিল দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। আর এই সিরিজটাকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
শুক্রবার (১১ এপ্রিল) মিরপুরে সাংবাদিকদের শান্ত বলেন, ‘প্রতিটি আন্তর্জাতিক সিরিজেই চ্যালেঞ্জ থাকে। এখানেও অবশ্যই চ্যালেঞ্জ থাকবে। এর ভিন্ন কোনো চিন্তা থাকবে না। একটা বড় দলের সঙ্গে খেলার সময় যেই চিন্তাভাবনা বা চাপ থাকে, সেই চাপটাই থাকবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, কীভাবে আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে ম্যাচটা শুরু করতে পারি। কোনো দলই ছোট নয়, আমি বারবারই বলছি। ক্রিকেটাররাও এমন কিছু চিন্তা করছে না। আমি আশা করব, সাধারণ মানুষ বা মিডিয়াও এভাবে দেখছে না যে ছোট দল বা বড় দল। আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি, এটা গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশ দলের অধিনায়েক কোনো দলকেই আলাদা করে দেখছেন না। সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া কিংবা জিম্বাবুয়ে সব দলইকে সমান চোখে দেখতে হবে বলে মনে করেন অধিনায়ক। শান্ত বলেন, ‘গত বছর যদি টেস্ট ক্রিকেট দেখেন, আমাদের আগের চেয়ে উন্নতি হয়েছে। আমার যতটুকু মনে পড়ে, ৪ (আসলে ৩টি) ম্যাচ জিতেছিলাম। এই বছর আরও ৬টা টেস্ট ম্যাচ আছে, গত বছরের চেয়ে কীভবে আমরা ভালো ফল আনতে পারি সেটা গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের টেস্ট ক্রিকেট এগিয়ে যাবে। আমরা যেন ভাগাভাগি না করি যে, জিম্বাবুয়ে বা অস্ট্রেলিয়া বা সাউথ আফ্রিকা… প্রতিটি ম্যাচকে যেন একটি আন্তর্জাতিক ম্যাচ হিসেবে চিন্তা করি।’
আরএ/নিউজক্রিকেট২৪
