নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে দেড় বছর পর মাঠে ফিরেছন অলরাউন্ডার নাসির হোসেন।দুই বছরের নিষেধাজ্ঞা থাকলেও শান্তির নিয়ম মানায় ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞা থাকায় ছয় মাস আগেই মাঠে ফিরেছেন এই অলরাউন্ডার।
০৬ এপ্রিল নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবার পরইদিন আজ সোমবার (০৭ এপ্রিল) ডিপিএলে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের হয়ে মাঠে নামেন নাসির। দলের জয়ের দিনে ১০ ওভারে ৩১ রান দিয়ে ১উইকেট নেন তিনি।
ম্যাচ শেষে সাংবাদিকদের নাসির জানান জাতীয় দলে খেলার আশা তিনি ছাড়েননি। পারফর্ম করে আবার খেলতে চান জাতীয় দলে। নাসির বলেন,‘আমার মনে হয় যারা ক্রিকেট খেলে, জাতীয় দলে খেলার জন্যই খেলে। আমিও স্বপ্ন দেখি। এটা বিশ্বাস করি, এখনও সুযোগ আছে। যদি পারফর্ম করতে পারি অবশ্যই জাতীয় দলে খেলতে পারব। আপনি পারফর্ম করলে সেটার মূল্যায়ন যদি ক্রিকেট বোর্ড করে, তাহলে পারফর্ম করতে পারবেন।’
এসময় তিনি জানান তারকাদের একটু বেশি দায়িত্ব নিয়ে চলতে হয়, সে ধারণার সঙ্গেও তিনি একমত নন। তিনি বলেন, ‘কেয়ারফুল… আমি যেমন ছিলাম, ভালোই ছিলাম। খেলাধুলা নিয়ে কোনো অভিযোগ ছিল না। ইনডিসিপ্লিনড ছিলাম না। খেলাধুলায় ফাঁকি মেরেছি- তাও নয়। আর আমার জীবন আমি কীভাবে লিড করব, সেটা আমার ব্যাপার। আমার জীবন তো আপনারা বলে দেবেন না। আপনি শুধু দেখবেন, আমি মাঠে কেমন আছি। আমি যদি মাঠের ক্রিকেটে কোনো কিছু খারাপ করে থাকি, তখন আপনারা বলতে পারেন।’
নাসির আরও বলেন, ‘(তারকাদের দায়িত্ব) এগুলো হচ্ছে ভুয়া কথা। তারকা-মারকা বলতে কিছু নেই। না খেয়ে থাকলে কেউ আপনারা এসে বলবেন না, ‘ভাই খান।’ এগুলো তাই কোনো কিছু নয়। আমি যেমন আছি, ভালো আছি। আমি আপনাদের মতোই মানুষ। আমারও জীবন আছে, পরিবার আছে।’
২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে টি-টেন লিগ খেলতে গিয়ে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে নিষিদ্ধ হয়েছিলেন নাসির। আবুধাবি টি-টেন লিগ খেলতে গিয়ে আইফোন ‘উপহার’ পাওয়ার তথ্য গোপন করায় ২০২৩ সালের সেপ্টেম্বরে আইসিসি তাঁকে সব ধরনের ক্রিকেট থেকে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল।
আরএ/নিউজক্রিকেট২৪
