ইমনের রেকর্ড গড়া ফিফটিতে জিতল আবাহনী

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ-ডিপিএলে জয় পেয়েছে-মোহাডান স্পোর্টিং ক্লাব, আবাহনী লিমিটেড এবং গুলশান ক্রিকেট ক্লাব। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে মোহামেডান।শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ১০ উইকেটে হারিয়েছে আবাহনী। আর ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে ২ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়েছে গুলশান।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মোহামেডানের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ৩২.২ ওভারে ১৭৪ রানে অলআউট হয় প্রাইম ব্যাংক। শামীম পাটোয়ারী একাই করেন ৬১ বলে ৮৯ রান। এছাড়া আরাফাত সানির ব্যাট থেকে আসে ২১ রান। মোহামেডানের তাইজুল ৪টি ও ইবাদত ৩টি উইকেট নেন। ১৭৫ রানের সহজ টার্গেট ব্যাট করতে নেমে তাওহিদ হৃদয় ও মেহেদি মিরাজের ফিফটিতে ৩০ ওভারে ৫ উইকেটে ১৭৭ রান তুলে জয় নিশ্চিত করে মোহামেডান। হৃদয় ৫৭ ও মিরাজ অপরাজিত ৬৭ রান করেন। প্রাইম ব্যাংকের হাসান মাহমুদ ৩টি উইকেট নেন।

বিকেএসপির তিন নম্বর মাঠে আবাহনীর বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ২৫.৪ ওভারে মাত্র ৮৮ রানে অলআউট হয় শাইনপুকুর। মিনহাজুল আবেদীন সাব্বির সর্বোচ্চ ৩৮ রান করেন। আবাহনীয় সৈকত ৪টি এবং রিপন ও রাবিকুল ২টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে পারভেজ হোসেন ইমনের রেকর্ড গড়া ১৫ বলে ফিফটিতে ভর করে মাত্র ৬.৪ ওভারে জয় তুলে নেয় আবাহনী। বাংলাদেশের লিস্ট এ ক্রিকেট দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে ইমন ২৩ বলে ৬১ রানে অপরাজিত থাকেন।

বিকেএসপির ৪ নম্বর মাঠে গুলশানের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৫৮ রানের সংগ্রহ দাড় করায় ধানমন্ডি। ফজলে রাব্বি ৬৫ ও হাবিবুর রহমান ৩২ রান করেন। গুলশানের পায়েল ও মেহেদি হাসান ৩টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে দুই বল আগে ৮ উইকেটে ২৫৯ রান তুলে জয় নিশ্চিত করে গুলশান। নাঈম ইসলাম ৬৮, আজিজুল তামিম ৩৯, খালিদ ৪২ ও লিটন দাস ২৫ রান করেন। ধানমন্ডির রাব্বি, মঈন ও আনাম ২টি করে উইকেট নেন।

 

আরএ/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »