পাঁচটা ম্যাচই আমরা ওয়ান বাই ওয়ান জিততে চাই: ইমরান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নারী বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে বৃহস্পতিবার পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সকাল সোয়া দশটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশ্যে রনো হন নিগার সুলতানা জ্যোতিরা। এর আগে বিমানবন্দরে দলের কোচ সারোয়ার ইমরান কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। পাকিস্তানে পাঁচ ম্যাচের সবকটিই জিততে চান বলে জানান তিনি।

আগামী ৫ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হবে ২০২৫ নারী বিশ্বকাপের বাছাইপর্ব। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে সরাসরি বিশ্কাপে খেলার সুযোগ হাতছাড়া হওয়ায় বাছাইপর্বে খেলতে হচ্ছে বাংলাদেশকে। সেই উদ্দেশ্যে সকালে পাকিস্তানের উদেদেশ্যে দেশ ছাড়ে নিগার সুলতানা জ্যোতিরা।

পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নারী দলের প্রধান কোচ সারোয়ার ইমরান। পাকিস্তানে ব্যাটিংবান্ধব উইকেটেই খেলবে দলগুলো। এমন উইকেটে বোলারদের ভালো করার প্রসঙ্গে কথা বলেন ইমরান।

তিনি বলেন, ‘প্রথম দিকে আমরা যদি একটা মোমেন্টাম ক্রিয়েট করতে পারি তাহলে ভালো হবে। আমাদের ব্যাটিং যদি ভালো করতে পারি তাহলে ভালো হবে। পাকিস্তানের উইকেট ব্যাটিং-বান্ধব, আবার আমাদের বোলাররাও সবসময় অনেক দুর্দান্ত (পারফর্ম করছে)। ব্যাকআপ দেয় তারা সবসময়, ব্যাটিং উইকেটে যেন আমরা আরও ভালো করতে পারি সেটাই লক্ষ্য থাকবে।’

এসময় সারোয়ার ইমরান কথা বলেন ম্যাচ জয়ের ব্যাপারেও। বাংলাদেশ কোনো দলকেই ছোট করে দেখছে না বলে জানান তিনি। পাশাপাশি টাইগ্রেসরা বাছাইপর্বের সবকটি ম্যাচই জিততে পারবে বলে মনে করেন বাংলাদেশ কোচ। ইমরান সারওয়ার বলেন, ‘পাকিস্তানে পাঁচটা ম্যাচই আমরা ওয়ান বাই ওয়ান জিততে চাই। সেখানে আমাদের সঙ্গে দুইটা শক্তিশালী দলের খেলা রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান বাদে বাকি দলগুলোকেও আমরা ছোট করে দেখছি না, তবে তাদের বিপক্ষে জিতে কোয়ালিফাই করতে চাই।’

আগামী ১০ এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ বাছাই মিশন। ছয় দলের এই বাছাইপর্ব শেষে সেরা দুটি দল জায়গা পাবে বিশ্বকাপে। বাংলাদেশ সেই দুটি দলের একটি হয়ে দেশে ফিরবে এমনটাই প্রত্যাশা ভক্তদের।

 

আরএ/নিউজক্রিকেট২৪

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »