নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় ওয়ানডে পাকিস্তানকে ৮৪ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিকরা।
সিডন পার্কে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় কিউইরা। নিক কেলি ৩১, রিাইস মারিউ ১৮, ড্যারেল মিচেল ১৮, হেনরি নিকোলস ২২ ও মাইকেল ব্রেসওয়েল ১৭ রান করে আউট হলে ১৩২ রানে ৫ উইকেটে হারায় নিউজিল্যান্ড।
মোহাম্মদ আব্বাস ও মাইকেল হেই ষষ্ঠ উইকেট জুটিতে ৭৭ রান যোগ করলে দলের স্কোর দুইষ ছাড়ায়। আব্বাস ৪১ রান করে আউট হলে ভাঙ্গে এই জুটি। এরপর মাইকেল হেই দলের স্কোরটা একাই টেনে নিয়ে যান। ফিফটির দেখা পান তিনি।
নাথান স্মিথের সাথে ২৭, বেন সিয়ার্সের সাথে ৩৪ আর জ্যাকব ডাফির সাথে অচ্ছিন্ন ২২ রানের জুটি গড়েন হেই। সেঞ্চুরি মিসের আক্ষেপে পোড়েন হেই। ৭৮ বলে ৯৯ রানে অপরাজিত থাকেন হেই। ৮ উইকেটে ২৯২ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। পাকিস্তানের ওয়াসিম ও সুফিয়ান ২টি করে উইকেট নেন।
২৯৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে কিউদের দারুণ বোলিংয়ে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান। আব্দুল্লাহ শফিক ১, ইমাম-উল-হক ৩, বাবর আজম ১, মোহাম্মদ রিজওয়ান ৫ ও সালমান আঘা ৯ রান করে আউট হলে ৩২ রানে ৫ উইকেট হারায় সফরকারীরা। তইয়ব তাহির ১৩, মোহাম্মদ ওয়াসিম ১ ও আকিফ যাবেদ ৮ রান করে আউট হলে ১১৪ রানে ৮ উইকেট হারায়। এরমাঝে হারিস রউফ আহত হয়ে মাঠ ছাড়েন।
নবম উইকেট জুটিতে ফাহিম আশরাফ ও নাসিম শাহ ৬০ রানের জুটি গড়েন। ফিফটির দেখা পান ফাহিম। ৭৩ রান করে আউট হন ফাহিম। ১০ নম্বরে নামা নাসিম শাহও ফিফটির দেখা পান। ৫১ রান করে আউট হলে ৪১.২ ওভারে ২০৮ রানে অলআউট হয় পাকিস্তান। কিউই বোলার বেন সিয়ার্স ৫টি ও জ্যাকব ডাফি ৩টি উইকেট নেন।
আরএ/নিউজক্রিকেট২৪
