নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাকিস্তানের মাটিতে আগামী ৫ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে ২০২৫ নারী বিশ্বকাপের বাছাইপর্ব। বিশ্বকাপ নিশ্চিতের লক্ষ্যে সেখানে লড়বে বাংলাদেশ দলও। সেলক্ষ্যে বৃহস্পতিবার পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে নিগার সুলতানা জ্যোতির দল। বাছাইপর্বের বাধা পেরোতে ব্যাটারদের ভালো করা ও বোলারদের ইকোনমিক্যাল থাকার লক্ষ্যের কথা জানিয়েছেন এই টাইগ্রেস অধিনায়ক।
গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের নারী দলের সামনে সুযোগ এসেছিলো সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করার। তবে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের কাছে সিরিজ হারায় হাতছাড়া হয় সেই সুযোগ। তাই বিশ্বকাপ খেলতে হলে টাইগ্রেসদের পেরোতে হবে বাছাইপর্বের বাঁধা। সেই লক্ষ্যে বৃহস্পতিবার পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ দল।
পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শুরুতে থাইল্যান্ড-স্কটল্যান্ডের মতো সহজ প্রতিপক্ষের সঙ্গে খেললেও, শেষ দুই ম্যাচে শক্তিশালী পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে। তবে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে খুব একটা চিন্তিত নন তিনি।
জ্যোতি বলেন, ‘আমাদের মেয়েদের ক্রিকেটের জন্য বিশ্বকাপে কোয়ালিফাই করাটা গুরুত্বপূর্ণ এবং সেটিকে সামনে রেখে আমাদের যা যা করণীয় ছিল… যদিও রোজা ছিল, অনেক কঠিন ছিল… তার পরও আমরা করেছি, কৃত্রিম আলোয় করেছি, যেহেতু দুটি ম্যাচ আমাদের সেখানে আছে (দিন-রাতের)… প্রতিটি পয়েন্ট অনেক গুরুত্বপূর্ণ, সবাই অনেক সিরিয়াস। সব মিলিয়ে ভালো প্রস্তুতি বলতে পারেন। ওখানে গিয়েও প্রস্তুতি ম্যাচ খেলব। এরপর মূল টুর্নামেন্টের আগে আমার মনে হয়, দল পুরোপুরি প্রস্তুত থাকবে।’
সবশেষ কয়েকটা সিরিজে ব্যাটারদের বাজে ব্যাটিং ভুগিয়েছে বাংলাদেশকে। তাই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ভালো করতে হলে ব্যাটারদের বড় ভূমিকা নিতে হবে বলে মনে করেন জ্যোতি। বরাবরই বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রাখেন বোলাররা। এখানেও বোলাররা তাদের কাজটা ঠিকঠাক করবে বলে আশা প্রকাশ করেন অধিনায়ক। পাশাপাশি নিজেদের বোলিং পরিকল্পনার কথাও তুলে ধরেন টাইগ্রেস ক্যাপ্টেন।
৬ দলের এই বাছাইপর্ব শেষে সেরা দুটি দল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করবে। আগামী ১০ এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইপর্বের মিশন। এরপর স্কটল্যান্ড, স্বাগতিক পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে টাইগ্রেসরা।
আরএ/নিউজক্রিকেট২৪
