নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নেপিয়ারে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে নিউজিল্যান্ড। পাকিস্তানকে ৭৩ রানের হারিয়েছে কিউইরা। এই ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে ওয়ানডেতে অভিষেক হয়েই দ্রুততম ফিফটির বিশ্ব রেকর্ড গড়েছেন পাকিস্তানে জন্ম নেয়া মুহাম্মদ আব্বাস। অভিষেক ওয়ানডেতে এতো কম বলে ফিফটির রেকর্ড নেই আর কারও।
ম্যাকলিন পার্কে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। স্কোর বোর্ডে ৫০ রান তুলতেই উইল ইয়ং (১), নিক কেলি (১৫) ও হেনরি নিকোল (১১) প্যাভিলিয়নে ফেরত যান। চতুর্থ উইকেট জুটিতে মার্ক চ্যাপম্যান ও ড্যারেল মিচেল কিউইদের বড় স্কোরের পথ দেখান। পাকিস্তানের বোলারদের ওপর আধিপত্য দেখান তারা।
দারুণ ব্যাটিংয়ে ফিফটির দেখা পর দুজনেই। চ্যাপম্যানের ব্যাট বেশি আগ্রাসী ছিল। ফিফটিটাকে ৯৪ বলে ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিতে পরিণত করেন চ্যাপম্যান। মিচেল ৮৪ বলে ৭৬ রান করে দলীয় ২৪৯ রানে আউট হলে ১৭৪ বলে ১৯৯ রানের চতুর্থ উইকেট জুটি ভাঙ্গে।
পঞ্চম উইকেটে অভিষিক্ত আব্বাসকে সাথে নিয়ে ১২ বলে ৩১ রানের জুটি গড়েন চ্যাপম্যাম। ক্যারিয়ার সেরা ১১১ বলে ১৩২ রানের ইনিংস খেলে চ্যাপম্যান আউট হন দলীয় ২৮০ রানে। এরপর মাইকেল ব্রেসওয়েল (৯), মিচেল হেই (০) ও নাথান স্মিথ (২) আল্প সময়ের ব্যবধানে আউট হন।
এরপরই শুরু হয় আব্বাসের ব্যাটিং তাণ্ডব। কিউই জার্সিতে প্রথম ওয়ানডে খেলতে নামা আব্বাস নিজ দেশের বিপক্ষে ২৪ বলে ফিফটি করে অভিষেক ওয়ানডেতে দ্রুততম ফিফটির বিশ্ব রেকর্ড গড়েন। ভাররতের ক্রুনাল পান্ডিয়া ও ওয়েস্ট ইন্ডিজের অ্যালিক অ্যাথানেজের ২৬ বলে করা ফিফটির রেকর্ড ভাঙ্গেন আব্বাস। ২৬ বলে ৫২ রান করে ইনিংসের শেষ বলে আউট হন আব্বাস। ৯ উইকেটে ৩৪৪ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। পাকিস্তানের ইরফান ৩টি ও আকিফ জাভেদ ২টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৮৩ রান তোলেন আব্দুল্লাহ শফিক ও উসমান খান। উসমান ৩৯ ও শফিক ৩৬ রান করে অল্প সময়ের ব্যবধানে আউট হন। বাবর ও রিজওয়ান তৃতীয় উইকেটে ৭৬ রানের জুটি গড়ে দরকে জয়ের পথে রাখেন। রিজওয়ান ৩০ রান করে ফিরে যান।
ওয়ানডে ক্যারিয়ারে ৩৬তম ফিফটির দেখা পান বাবর আজম। আঘা সালমানকে নিয়ে চতুর্থ উইকেটে ৮৫ রানের জুটি গড়েন। বাবর ৭৮ রান করে দলীয় ২৪৯ রানে আউট হলে ভাঙ্গে এই জুটি। এরপরই হয় ছন্দপতন। তায়েব তাহির (১), ইরফান খান (০), নাসিম শাহ (০) ও হারিস রউফ (১) আউট হলে ২৬৯ রানে অষ্টম উইকেট হারায় পাকিস্তান।
একপ্রান্ত আগলে রেখে ৪০ বলে ফিফটি তুলে নেন আঘা সালমান। ৪৮ বলে ৫৮ রান করে নবম ব্যাটার হিসেবে আউট হন সালমান। শেষ পর্যন্ত ৪৪.১ ওভারে ২৭১ রানে অলআউট পাকিস্তান। কিউই বোলার নাথান স্মিথ ৪টি ও জ্যাকব ডাফি ২টি উইকেটে নেন।
আরএ/নিউজক্রিকেট২৪
