বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বিতীয় ওয়ানডে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বৃষ্টিতে পরিত্যক্ত হলো বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী দলের মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ফলে প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ওয়ানডেতেও কোনো ফলাফল আসেনি।

আজ মঙ্গলবার ( ২ মে ) কলম্বোর পি সারা ওভালে বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে ম্যাচটি মাঠে গড়ানোর কথা ছিল। তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে মাঠে গড়ায়নি টস। এরপরও বৃষ্টি থামার অপেক্ষা করা হয়। কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টি না থামলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে ম্যাচ অফিসিয়ালরা।

এর আগে বৃষ্টির কারণে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচও পরিত্যক্ত হয়েছিল। সেই ম্যাচে কলম্বোর পি সারা ওভালে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে স্বাগতিক শ্রীলঙ্কা। ৩৬ দশমিক ৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫২ রান করে লঙ্কানরা। এরপর বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। বৃষ্টি না থামায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হয়।

সেইদিন বল হাতে বাংলাদেশের হয়ে বাঁহাতি স্পিনার নাহিদা আকতার ৭ ওভারে ২৪ রানে ৩ উইকেট শিকার করেন। এছাড়া ১টি করে উইকেট নেন জাহানারা আলম, সুলতানা খাতুন ও ফাহিমা খাতুন।

প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ নারী দল। সিরিজটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত। ওয়ানডে সিরিজ শেষে শ্রীলঙ্কার বিপক্ষে ৯ মে থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »