নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
২০২০ সালেই জাতীয় দলকে বিদায় জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তবে চল্লিশ বছর বয়সেও চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন ধোনি। বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের একেবারে শেষপ্রান্তে দাঁড়িয়ে আছেন ‘ক্যাপ্টেন কুল’ খ্যাত উইকেটকিপার এই ব্যাটার। ধোনির পর চেন্নাইয়ের সম্ভাব্য অধিনায়কের নাম জানালেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।
২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানেও গেল তিন মৌসুম ধরে শুধুমাত্র আইপিএলই খেলছেন ধোনি। তবে ধারণা করা হচ্ছে, এবারের আসরই হতে যাচ্ছে ভারতীয় এই ক্রিকেটারের শেষ আইপিএল। ভারতের তারকা এই ক্রিকেটারের অবর্তমানে চেন্নাইয়ের অধিনায়ক কে হতে পারেন তা জানালেন ওয়াসিম আকরাম।
তিনি মনে করেন, ধোনির পর চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হতে পারেন অজিঙ্কা রাহানে। চলতি আইপিএলে ব্যাট হাতে দারুণ ছন্দেও রয়েছেন তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ঘোষিত দলেও সুযোগ পেয়েছেন রাহানে।
রাহানেকে চেন্নাইয়ের অধিনায়ক করার ব্যাখ্যাও দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের বোলিং পরামর্শক হিসেবে কাজ করা আকরাম।
তিনি বলেন, ‘২০২২ মৌসুমে চেন্নাই সুপার কিংস জাদেজাকে অধিনায়ক করেছিল। কিন্তু দেখা যায়, অধিনায়ক হয়ে জাদেজার নিজের পারফরম্যান্স ব্যাহত হয়। আমার মনে হয় তারা রাহানের চেয়ে ভালো আর কাউকে পাবে না। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে সে বেশ ধারাবাহিক। বিদেশিদের চেয়ে স্থানীয় ক্রিকেটাররাই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশি সফল।’
ওয়াসিম আকরাম বলেন, চেন্নাইকে নেতৃত্ব দেওয়ার মতো কোনো বিদেশি ক্রিকেটারও নেই। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিদেশি ক্রিকেটার যতজন চেন্নাইয়ে খেলেছেন, তাদের নামও তো চেন্নাই সমর্থকেরা মনে করতে পারবেন না। সুতরাং আমি মনে করি ধোনির পর অধিনায়ক হিসেবে রাহানে খুব ভালো একজন বিকল্প হতে পারেন। তবে চেন্নাইয়ের ভিন্ন ভাবনা থাকতে পারে।’
