আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ: সুজন

স্টাফ রিপোর্টার »

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইতোমধ্যে ইংল্যান্ডের উদ্দেশে উড়াল দিয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ বলে জানিয়েছেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন।

আজ সোমবার (১ মে) সকাল ১০টা ৪০ মিনিটে বিমানে করে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে জাতীয় দলের দ্বিতীয় বহর। এর আগে, গতরাতে (রবিবার) দেশ ছাড়েন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম বহরে পাঁচ ক্রিকেটার ও কোচিং স্টাফের চার সদস্য।

আজ সোমবার মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবাহনীর কোচ ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন বলেন, ‘বাংলাদেশ এই ফরম্যাটে এখন ভালো দল। ৩-০ ছাড়া আর কিছু দেখতেছি না আমি আসলে।’

এছাড়া সদ্য নিয়োগ পাওয়া বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাসকে নিয়ে তিনি বলেন, ‘ওর (পোথাস) কাজ ঠিক করবে হাথুরুসিংহে। ফিল্ডিংয়ে সে বিশেষজ্ঞ। তার যে অভিজ্ঞতা সেটা সহোযোগিতা করবে অবশ্যই। আমাদের জন্য কাজে লাগবে।’

এছাড়া জেমি সিডন্স থাকছেন না জাতীয় দলের দায়িত্বে। বাংলাদেশ দলের এই ব্যাটিং পরামর্শককে নিয়ে সুজন বলেন, ‘জেমি তো কাজ করতে চায়, আমাদের জুনিয়র লেভেলে। আমাদের জন্য বড় একটা ব্যাপার। কারণ সে নিজেই চাচ্ছে। ও যদি কাজ করে, আমাদের যেটা আসল দরকার, প্ল্যাটফর্ম। সেই জায়গায় জেমি যদি কাজ করে তাহলে ভালো ফল পাবো বলে আমি মনে করি।’

আগামী ৫ মে একটি প্রস্তুতি ম্যাচ আছে টাইগারদের। এরপর ৯, ১২ ও ১৪ মে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তামিম ইকবালের দল।

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মৃত্যুঞ্জয় চৌধুরী।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »