নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে আর কাজ করবেন না ব্যাটিং কোচ জেমি সিডন্স। তবে বাংলাদেশের ডেভেলপমেন্ট পর্যায় তথা ‘এ’ দল এবং টাইগার্স টিমের হয়ে কাজ করবেন তিনি। বিষয়টি নিজের ফেসবুকে এক পোস্টে নিশ্চিত করেছেন সিডন্স।
নিজের ফেসুবক পোস্টে তিনি লিখেছেন, ‘সংক্ষিপ্ত ছুটির পর ঢাকায় ফিরেছি। এখন থেকে আমি আর বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করব না। বিসিবির সঙ্গে কথা বলেই পরবর্তী তরুণ প্রজন্মের (বাংলাদেশ ‘এ’ এবং টাইগার্স দল) সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি আমি। আমি মনে করি, তাদেরকে দেওয়ার মতো আমার অনেক কিছুই আছে।’
জেমি সিডন্স আরও বলেন, ‘আমি তরুণ ক্রিকেটারদের কোচিং করাতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। বিসিবি এখন তা বাস্তবায়ন করতে যাচ্ছে। জাতীয় দলের সঙ্গে কাজ করার যে মর্যাদা সেটা আমি বুঝি, তবে বেশিরভাগ স্কিল ডেভলপমেন্ট, উন্নতি এবং ট্রেইনিংয়ের সূচনা হয় মিরপুরের নেটে।’
২০২২ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পান সিডন্স। এদিকে, ২০০৭ থেকে ২০১১ পর্যন্ত চার বছর বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন এই অস্ট্রেলিয়ান।
এস.আর/নিউজক্রিকেট২৪
