নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
একমাত্র তিন দিনের ম্যাচে মুম্বাই অনূর্ধ্ব-১৬ দলকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ স্কুল ক্রিকেটের অনূর্ধ্ব-১৬ দল। তিন বিভাগেই দারুণ খেলেছে বাংলাদেশ।
প্রথম ইনিংসে মুম্বাই মাত্র ১৯০ রানে অলআউট হয়। এতে বাংলাদেশ ব্যাটিং করতে নেমে দুই সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ৪৪৬ রান করে ইনিংস ঘোষণা করে।
২৫৬ রানে পিছিয়ে থেকে মুম্বাই দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে আজ রোববার (৩০ এপ্রিল) মাত্র ৮১ রানে অলআউট হয়। এতে ইনিংস ও ১৭৪ রানের জয় পেয়েছে প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড ক্রিকেট দলটি।
আজ বৃষ্টি বিঘ্নিত দিনে বাংলাদেশ এ খুদে বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি মুম্বাইয়ের ক্রিকেটাররা। ২ উইকেটে ৪ রান নিয়ে দিন শুরু করে মাত্র ৭৭ রান যোগ করতেই অলআউট হয় দলটি।
বাংলাদেশ হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন শেখ ইমতিয়াজ। এছাড়া ৩ উইকেট নেন সাইমুন রাতুল।
গতকাল প্রথম ইনিংসে দুই সেঞ্চুরি করা জয়ের সংগ্রহ গড়ে দেন সামিউন বশির রাতুল (১০৫) ও দেবাশীষ সরকার (১০১)। তবে তিনে নেমে ভালো ব্যাটিং শুরু করে সেঞ্চুরির পথে ছিলেন রিফাত বেগ। ৯২ রানেই আউট হয় তিনি। এই তিনজনের ইনিংসে বড় রানের সংগ্রহ পায় বাংলাদেশের শিক্ষার্থীরা।
