দুর্বলতা নিয়ে কাজ করি: ফখর

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আলোড়ন ছড়িয়েছেন পাকিস্তানি ওপেনার ফখর জামান। এতে বাবর আজমের একটি রেকর্ড ভেঙেছেন ফখর। পাকিস্তানের হয়ে ওয়ানডেতে দ্রুততম ৩০০০ রানের রেকর্ড এখন এই ওপেনারের। টানা তিন ওয়ানডেতে সেঞ্চুরি ও ম্যাচ জেতানো অসাধারণ ১৮০ রানের ইনিংসের পর পাক ওপেনার বললেন, ঘাটতিগুলো নিয়ে কাজ করেই সফল তিনি।

শনিবার (২৯ এপ্রিল) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৫ উইকেটে ৩৩৬ রান করেছিল নিউজিল্যান্ড। গতকাল ফখর জামান একাই করলেন ১৮০ রান। তার এই ইনিংসে ভর করেই নিউজিল্যান্ডের ৩৩৬ রান পাকিস্তান পেরিয়ে গেছে ৭ উইকেট আর ১০ বল হাতে রেখে। ১৭টি চার ও ৬ ছক্কায় শুধু বাউন্ডারি থেকেই ১০৪ রান তুলেছেন পাক এই ব্যাটার।

ওয়ানডেতে পাকিস্তানের একমাত্র ডাবল সেঞ্চুরিটি ফখর জামানের। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিলেন ২১০ রানের ইনিংস। ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আবার ডাবল সেঞ্চুরির কাছাকাছি যান। সেদিন ১৯৩ রানে রান আউট হয়ে ফেরেন। এবার রান তাড়ায়ই এই ১৮০ রানের ইনিংস।

সব মিলিয়ে ওয়ানডেতে পাকিস্তানের ব্যক্তিগত সর্বোচ্চ ৪ ইনিংসেই ৩টিই করেছে ফখর। এই সিরিজের প্রথম ম্যাচেও তার ১১৪ বলে ১১৭ রানের ইনিংসে ২৮৯ রান তাড়ায় জিতে যায় পাকিস্তান। এই সিরিজের আগে নিজের সবশেষ ওয়ানডেতেও নিউজিল্যান্ডের বিপক্ষেই সেঞ্চুরি করেন তিনি।

ম্যাচ শেষে ফখর জামান বললেন, অনুশীলনে সুনির্দিষ্ট কাজ করার ফসল পাচ্ছেন তিনি।

“অনুশীলনে সাধারণত টেকনিক নিয়ে কাজ করি। নিজের দুর্বলতার জায়গাগুলো নিয়েও কাজ করি।”

৩৩ বছর বয়সী ওপেনার  বলেন, “ওয়ানডেতে আমি সাধারণত শুরুতে একটু সময় নেই। এরপর যখন বৃত্তের ভেতরে ৫ ফিল্ডার চলে আসে (পাওয়ার প্লে শেষে) তখন কাজটা সহজ হয়ে ওঠে। দল থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে শেষ পর্যন্ত টিকে থাকতে। আমি এটাই চেষ্টা করছি এবং দলের তাতে কাজে লাগছে।”

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »