খেলার জন্য ওয়ার্নারদের ব্যাট চুরি করেছিলো ট্রাকচালক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দিন কয়েক আগেই আইপিএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটারদের ব্যাট, জুতো চুরির ঘটনা ঘটে। ডেভিড ওয়ার্নার, ফিল সল্টের মত ক্রিকেটারদের ব্যাট চুরির ঘটনায় পুরো বিশ্বজুড়েই শুরু হয় তোলপাড়। তবে চুরি হওয়ার কয়েকদিনের মধ্যেই চোর ধরা পড়ে। ওয়ার্নারদের চুরি হওয়া ব্যাটগুলো ফেরতও পাওয়া যায়। তবে অবাক করা ব্যাপার হলো আটক হওয়া দুই চোর দিল্লি পুলিশকে জানায় তারা বিক্রি করার জন্য নয়, বরং খেলার জন্য এসব ব্যাট, জুতো চুরি করেছিলো।

এমনিতেই এবারের আইপিএলে মাঠের সময়টা বেশ খারাপ যাচ্ছে দিল্লির। প্রথম পাঁচ ম্যাচের একটায়ও জিততে পারেনি ডেভিড ওয়ার্নারের দল। তবে নিজেদের ষষ্ঠ ম্যাচে এসে কলকাতার বিপক্ষে জয়ের দেখা পায় দিল্লি। আর কলকাতার বিপক্ষে ম্যাচের আগেই দিল্লির সাথে এমন চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া ফিল সল্ট, যশ ধুল, ওয়ার্নার ও মার্শের সরঞ্জামের মাঝে ১২টি ব্যাট, ১৮টি বল, চার জোড়া গ্লাভস, দুটি হেলমেট, তিন জোড়া পায়ের প্যাড, দুই জোড়া থাই প্যাড, একটি অ্যাবডমিনাল গার্ড ও একটি ব্যাগ উদ্ধার করা গেছে। হোটেল ও বিমানবন্দরের মধ্যকাট রাস্তায় দাঁড়িয়ে এসব সরঞ্জাম সরিয়ে ফেলেন দিল্লির সরঞ্জামবহনকারী ট্রাক চালক ও তার সহকারী। তাদের ট্রাকচালক এম চেলুভারাজু ও তার সহকারী সুদানশু কুমারকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ। আর তাদেরকে জিজ্ঞাসাবাদ করার ফলেই এসব তথ্য বেরিয়ে এসেছে।

ট্রাকচালক বলেন, ‘আমরা ক্রিকেট খেলি নিয়মিত। প্রথমে পরিকল্পনা করি ব্যাট চুরি করব, ব্যাগ খুলে দেখি ব্যবহার করতে পারি এমন অনেক কিছুই আছে। এসব আমরা বিক্রির জন্য চুরি করিনি, খেলব বলে করেছিলাম।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »