ইডেনে কি সুযোগ পাবেন লিটন?

দুর্জয় দাশ গুপ্ত »

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলে আজ নিজেদের ঘরের মাঠ ইডেন গার্ডেনে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশী ক্রিকেট প্রেমীদের মনে একটাই প্রশ্ন কলকাতার ঘরের মাঠ ইডেন গার্ডেনে কি কেকেআর একাদশে সুযোগ মিলবে লিটন কুমার দাসের?

দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে লিটনের অভিষেক ম্যাচটা মোটেও সুখকর ছিলো না। ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পর ক্যাচ মিস আর স্ট্যাম্পিং মিসে লিটনের আইপিএল ক্যারিয়ারেরই ইতি দেখছেন অনেকে। এমনকি ভারতীয় অনেক সমর্থক লিটনকে দেশে চলে যাওয়ার দাবি জানিয়েছেন। সবকিছু ছাপিয়ে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট লিটনের উপর ভরসা রাখে নাকি মুখ ফিরিয়ে নেয় সেটা জানতে হলে টেলিভিশনের পর্দায় চোখ রাখতে হবে রাত আটটায়।

লিটন কেকেআরের একাদশে থাকুক বা না থাকুক গেল ম্যাচের আগে পর্যন্ত কেকেআরের মধ্যমণি ছিলেন লিটন। লিটনের ছবি, প্র্যাকটিস ভিডিও, ইন্টার্ভিউতে ছিলো কেকেআরের সোশ্যাল মিডিয়া সরব। অথচ দিল্লির বিপক্ষে ম্যাচের পর থেকেই কেকেআরের সোশ্যাল মিডিয়ায় আর লিটনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কলকাতার ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রামে গত দুদিনে পোস্ট হওয়া ছবি, ভিডিওতে লিটনকে খুঁজে পাওয়া যায়নি।

গত দুদিন ধরে চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচকে ঘিরে কলকাতা নাইট রাইডার্স বেশ হাইলাইট করছে নামিবিয়ান অলরাউন্ডার ডেভিড উইজাকে। তবে কি লিটনকে ছাপিয়ে কলকাতার মধ্যমণি হয়ে ওঠা উইজাই হবে চেন্নাইয়ের বিপক্ষে কেকেআরের ত্রাণকর্তা?

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »