দিল্লির একাদশ থেকে ফিজকে বাদ দিতে বললেন আকাশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলে এবারের আসরে এখনো জয়ের দেখা পায়নি দিল্লি ক্যাপিটালস। পাঁচটি ম্যাচ খেলে সবকটিতেই হারতে হয়েছে ডেভিড ওয়ার্নারের দলকে। আর প্রতিটা ম্যাচ হারার পরেই এক একজন ক্রিকেটারকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন সাবেক ক্রিকেটাররা। এমন অবস্থায় দিল্লি দলের বিদেশি ক্রিকেটারের কৌটায় পরিবর্তনের পরামর্শ দিয়েছেন ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। তিনি বলছেন মুস্তাফিজুর রহমানের জায়গায় দক্ষিণ আফ্রিকান ব্যাটার রাইলি রুশোকে দলে নেওয়া উচিত।

এছাড়াও দিল্লির ব্যাটিং অর্ডারেও পরিবর্তন আনতে বলছেন তিনি। তার মতে ভারতীয় অলরাউন্ডার আক্সার প্যাটেলকে আরো উপরে ব্যাটিং করার সুযোগ দেওয়া উচিত এই ফ্র্যাঞ্চাইজিটির। আর তবেই ভালো ফলাফল পাবে দিল্লি।

নিজের ইউটিউব চ্যানেলে আকাশ বলেন, ‘আমি দলে দুটি পরিবর্তন দেখতে চাই। কৌশলগত পরিবর্তন এনে অক্ষর প্যাটেলকে আগে ব্যাটিংয়ে পাঠাও। আর মুস্তাফিজের জায়গায় রাইলি রুশোকে খেলাও। তিনজন বিদেশি ব্যাটসম্যান খেললে এই দলটার ভালোই হতে পারে। বিদেশি একমাত্র বোলার হিসেবে থাকবেন আনরিখ নরকিয়া, বাকি সব বিদেশি ব্যাটার। বোলিং তাদের ঠিকঠাকই আছে।’

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে দুটো ম্যাচে সুযোগ পেলেও ভালো করতে পারেননি মুস্তাফিজ। দুটো ম্যাচেই বল হাতে তিনি ছিলেন খরুচে। প্রথম ম্যাচে একটি উইকেট পেলেও পরের ম্যাচে ৩ ওভার বল করে কোন উইকেট ছাড়া রান দিয়েছেন ৪১। আর এতেই দিল্লি একাদশে মুস্তাফিজের খেলা নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তার।

 

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »