দুর্জয় দাশ গুপ্ত »
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলে আজ মুখোমুখি হচ্ছে লিটন কুমার দাসের দল কলকাতা নাইট রাইডার্স ও মু্স্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস। বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে ম্যাচটি।
দিল্লি ক্যাপিটালসের জার্সিতে দুটো ম্যাচে মুস্তাফিজুর রহমানের সুযোগ মিললেও আইপিএলে এখনো অভিষেক হয়নি বাংলাদেশি ড্যাশিং ওপেনার লিটন কুমার দাসের। তবে আজই হয়তো বাংলাদেশি ভক্তদের অপেক্ষার প্রহর শেষ হবে না। কেকেআরের জার্সিতে আজ দেখা যেতে পারে লিটনকে।
লিটন কেকেআরের সাথে যোগ দেওয়ার পরে লিটনকে ছাড়া তিনটা ম্যাচ খেলতে নামলেও জয় এসেছে মাত্র একটিতে। পরের দুটো ম্যাচেই হেরেছে নীতিশ রানার দল। অন্যদিকে কেকেআর ম্যানেজমেন্ট যে আফগানি ওপেনারের উপর ভরসা রেখেছিলো ম্যাচের পর তিনি হতাশ করছেন। প্রথম দুটো ম্যাচের পরে শেষ তিনটি ম্যাচে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি গুরবাজ। তাই আজ বুঝাই যাচ্ছে ওপেনিংয়ে রদলবদল আসবে কেকেআর শিবিরে। তবে লিটন নাকি জেসন রয় কে আসবেন কেকেআর একাদশে সেটা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। দিল্লির ঘরের মাঠ অরুণ জেটলি যেহেতু খানিকটা স্লো উইকেট এবং স্পিন ভালো হয় সেক্ষেত্রে রয়ের থেকে লিটনের একাদশে থাকার সুযোগ বেশি।
অন্যদিকে আইপিএলে দুটো ম্যাচ খেলেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি মুস্তাফিজ। প্রথম ম্যাচটাতে মন্দের ভালো পারফরম্যান্স দেখালেও পরের ম্যাচে ভেসেছেন রান বন্যায়। ব্যাঙ্গালোরের বিপক্ষে ৩ ওভার বল করে দিয়েছিলেন ৪১ রান, পাননি কোন উইকেট। তবুও আজ দিল্লির একাদশে মুস্তাফিজের সুযোগ মিলতে পারে। কারণ তাদের এমন স্লো উইকেটে ফিজ কতটা ভয়ংকর হতে পারেন দিল্লি ম্যানেজমেন্ট সেটা জানে।
বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন লিটন – মুস্তাফিজ ব্যাটেল দেখার জন্য। যদি দুজনই একাদশে জায়গা করে নিতে পারেন তাহলে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের এতদিনের স্বপ্ন বাস্তবে পরিণত হবে।
