নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদের খারাপ সময়টা যেন কাটছেই না। বল হাতে দারুণ ফর্মে থাকা তাসকিন চোটের কারণে আছেন মাঠের বাইরে। আয়ারল্যান্ড সিরিজে পাওয়া সাইড স্ট্রেইনের চোট ক্রিকেটের বাইরে রেখেছে তাসকিনকে। আছেন তিন সপ্তাহের বিশ্রামে।
এদিকে ঈদের পরেই শুরু হচ্ছে আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে সিলেটে বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্প। আগামী ২৬ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই ক্যাম্পে তাসকিন আহমেদ যোগ দিতে পারবেন কিনা সেটার এখনো কোন নিশ্চয়তা পাওয়া যায়নি।
তবে জানা গেছে ঈদের পরেই শুরু হবে তাসকিনের পুনর্বাসন প্রক্রিয়া। পুনর্বাসন প্রক্রিয়া শেষ হওয়ার আগে তাসকিনের মাঠে ফেরার কোন সম্ভবনা নেই। আর এজন্য আয়ারল্যান্ড সিরিজের দলে জায়গা হয়নি এই পেসারের।
এ ব্যাপারে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘সাধারণত এ ধরনের সাইড স্ট্রেইন থেকে মাঠে ফিরতে কতদিন লাগবে তা তিন সপ্তাহের বিশ্রামের পরই বলা যায়। স্ট্রেইনটা গ্রেড ওয়ান পর্যায়ের। ঈদের পর তিন সপ্তাহ শেষ হবে, এরপর আরো সপ্তাহ খানেক লাগবে। তিন সপ্তাহের পর কেমন উন্নতি হচ্ছে, এটা দেখে তারপর বলা যাবে ওর চোটের কি অবস্থা।’
