ব্যাট, জুতো চুরি হলো দিল্লির, মাথায় হাত ফিজ-ওয়ার্নারদের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

এবারের আইপিএলটা মোটেও ভালো যাচ্ছে না দিল্লি ক্যাপিটালসের। মাঠ এবং মাঠের বাইরে একের পর ঝামেলা লেগেই আছে ফ্র্যাঞ্চাইজিটার। পাঁচটা ম্যাচ ইতিমধ্যে খেলে ফেললেও মেলেনি এখনো জয়ের দেখা। তবে এবার আরো এক দুঃসংবাদ এই ফ্র্যাঞ্চাইজির জন্য। ব্যাঙ্গালোর থেকে দিল্লি ফেরার পথে ক্রিকেটারদের ব্যাট-প্যাড সহ অনেক দামি জিনিসপত্র চুরি হয়ে গেছে দিল্লির ক্রিকেটারদের।

রোববার ব্যাঙ্গালোরের ঘরের মাঠে তাদের বিপক্ষে হারের পর নিজেদের শহরে ফিরছিলেন মুস্তাফিজ – ওয়ার্নাররা। কিন্তু রাস্তায়ই ব্যাট, প্যাড সহ অনেক ক্রিকেটারের ক্রিকেট কিট উধাও। এর মধ্যে দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নারের তিনটি ব্যাট, ইংলিশ ব্যাটার পিল সল্টের তিনটি ব্যাট, অজি অলরাউন্ডার মিচেল মার্শের দুটি ব্যাট ছিলো। এছাড়াও অনেক ক্রিকেটার জুতো পর্যন্ত হারিয়েছেন।

এদিকে বৃহস্পতিবার দিল্লি তাদের ষষ্ঠ ম্যাচে নিজেদের মাঠে খেলবে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। এই ম্যাচের আগে ব্যাট-প্যাড খুইয়ে অনেকটা বিপাকে ক্রিকেটাররা। তবে জানা যায় ইতোমধ্যে অর্ধেক সামগ্রী নিয়ে তাঁরা মঙ্গলবার অনুশীলনও করেছে। ম্যাচে খেলার জন্য ব্যাট প্রস্তুতকারী সংস্থাকে ক্রিকেটাররা নতুন ব্যাটের অর্ডার দিয়েছেন। আজই ক্রিকেট সামগ্রীগুলো হাতে পেয়ে যাওয়ার কথা রয়েছে ওয়ার্নার-মুস্তাফিজদের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »