সিরাজকে জুয়ারির ফোন, অতঃপর?

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলের এবারের আসর। আর আইপিএলকে ঘিরে বিশ্বজুড়ে চলছে জুয়ার রমরমা ব্যবসা। এবার এক ক্রিকেটারকেই সরাসরি ফোন করলেন এক জুয়ারি। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পেসার মোহাম্মদ সিরাজকে সরাসরি ফোন করলেন এক জুয়ারি। ফর্মে থাকা এই বোলার ইতিমধ্যে আইপিএলে পাঁচ ম্যাচ থেকে শিকার করেছেন আট উইকেট।

তবে জুয়ারির ফোন পেয়ে সিরাজ দেরি না করে দ্রুতই বিষয়টা অবগত করেছেন তার নিজ দলের ম্যানেজমেন্টকে। মূলত বেঙ্গালুরু দলের ভেতরের গোপন তথ্য জানতেই সিরাজকে ফোন করেন এই জুয়ারি। সেসব বিষয়ে কোন ধরণের তথ্য প্রকাশ করার আগেই বিষয়টি এসিইউ-কে জানিয়েছেন সিরাজ।

জানা যায়, সিরাজকে ফোন করা ব্যক্তি কোন পেশাদার ফিক্সার নন। তিনি পেশায় একজন গাড়ি চালক। মূলত আইপিএলকে কেন্দ্র করেই তিনি জুয়ায় মেতেছেন। সেখানে প্রচুর পরিমাণে লোকসানে পড়েই এবার সরাসরি ক্রিকেটারের শরণাপন্ন হয়েছেন। নিজের লোকসান কাটিয়ে উঠতেই আরসিবির ভেতরের তথ্য জানতে চান তিনি।

এদিকে এমন খবর সবার আগে প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। নাম প্রকাশ না করার শর্তে বিসিসিআইয়ের এক কর্মকর্তা ভারতীয় এই সংবাদ মাধ্যমে এমন তথ্য দিয়েছেন। তবে মুহূর্তের মধ্যেই সেটা সারা বিশ্বের ক্রিকেট প্রেমীদের কাছে পৌঁছে গিয়েছে।

বিসিসিআইয়ের সেই কর্মকর্তা জানান, ‘সিরাজের সাথে যোগযোগ করা ব্যক্তি কোন বাজিকর ছিলেন না। সে ম্যাচ চলাকালীন জুয়ায় আসক্ত হায়দ্রাবাদের একজন গাড়ি চালক। সে প্রচুর অর্থ লোকসান করেছেন এবং সিরাজকে ভেতরের খবর পেতে ফোন করেছেন। সিরাজ এই ঘটনা দ্রুতই জানিয়ে দেয়। এমনকি আইন-শৃঙ্খলা বাহিনী দোষীকে ধরে ফেলেছে।’

আইপিএলে জুয়ারিদের কালো থাবা এর আগেও বহুবার পড়েছে। ইন্ডিয়ান পেসার শ্রীশান্ত তার পুরো ক্যারিয়ারই নষ্ট করেছেন জুয়ারিদের সাথে হাত মিলিয়ে। হয়েছেন ক্রিকেট থেকে নিষিদ্ধ। তবে এবার আইপিএলে ফিক্সিং ইস্যুতে বেশ সতর্ক বিসিসিআই। তারা জানিয়েছে এক চুল ছেড়ে কথা বলবে না। ইতিমধ্যে সিরাজকে প্রস্তাব দেওয়া সেই জুয়ারি গ্রেফতার হয়েছেন।

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »