নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলে মঙ্গলবার দিনের একমাত্র ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে ১৪ রানে হারিয়েছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। ক্যামেরুন গ্রীন, ইশান কিশান আর তিলক বর্মার দারুণ ব্যাটিং নৈপুণ্যে এবার হায়দ্রাবাদ জয় করলো তারা।
আইপিএলের ইতিহাসের সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স। তবে আইপিএলের গেল তিন আসর ধরে দল হিসেবে খুব একটা ভালো করছে না রোহিত শর্মার দল। প্রতিবারই শুরুর দিকে একের পর এক ম্যাচ হারতে থাকতো দলটি। তবে এবার ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আছে এই ফ্র্যাঞ্চাইজি। শুরুটা ভালো না হলেও প্রথম ম্যাচ হারার পর টানা তিন ম্যাচে জয়লাভ করেছে মুম্বাই। একে একে তারা হারিয়েছে দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদকে।
টস থেকে ব্যাট করতে নেমে মুম্বাইকে উড়ন্ত সূচনা এনে দেন অধিনায়ক রোহিত শর্মা ও ইশান কিশান। মাত্র ৪.৪ ওভারে স্কোরবোর্ডে ৪১ রান যোগ করেন এই দুই ওপেনার। তবে আবারো ভালো শুরুর পর ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন মুম্বাই কাপ্তান রোহিত। ১৮ বল থেকে ২৮ রান করে আউট হন তিনি। রোহিতের বিদায়ের পর রান তোলার গতিটা কিছুটা কমে আসে। তবে ভালোই ব্যাট করছিলেন গ্রীন আর ইশান। কিন্তু ৩৮ রান করে কিশান ফিরে গেলে ৪ নম্বরে ব্যাট করতে আসা সূর্যকুমার যাদব এদিনও বড় স্কোর করতে পারেননি। মাত্র ৭ রান করে আউট হয়েছেন যাদব।
পরপর দুটো উইকেট হারিয়ে চাপে থাকা মুম্বাইকে বড় স্কোরের স্বপ্ন দেখাতে থাকেন গ্রীন আর তিলক বর্মা। সানরাইজার্সের বোলারদের উপর চড়াও হয়ে একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন এ দুজন। মাত্র ১৭ বলে ৩৭ রানের ঝড়ো এক ইনিংস খেলে সাজঘরে ফেরেন ইনফর্ম তিলক বর্মা। তবে তিলক বর্মা ফিরে গেলেও অপরাজিত ছিলেন অজি অলরাউন্ডার ক্যামেরুন গ্রীন। ৪০ বলে ৬৫ রান এসেছে তার ব্যাট থেকে। মুম্বাইয়ের স্কোর গিয়ে দাঁড়ায় ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৯২ রান।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে হায়দ্রাবাদ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান এসেছে ওপেনার মায়াঙ্ক আগারওয়ালের ব্যাট থেকে। আর শেষের দিকে ১৬ বলে ৩৬ রানের একটি ক্যামিও খেলেছেন আফ্রিকার উইকেট কিপার ব্যাটার ক্লাসান। তবে ম্যাচ জেতাতে পারেননি। মুম্বাই জয় পায় ১৪ রানে।
নিজের খেলা ২য় ম্যাচে এসে এদিন উইকেটের দেখা পেয়েছেন টেন্ডুলকার পুত্র অর্জুন টেন্ডুলকার। আগেই ম্যাচেই মুম্বাইয়ের জার্সিতে অভিষেক হলেও ছিলেন উইকেট শূন্য। তবে মঙ্গলবার ১টি উইকেট শিকার করেছেন অর্জুন।
