জয়ের খুব কাছে গিয়েও হারলো পাকিস্তান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ৫ ম্যাচ সিরিজের ৩য় টি-টোয়েন্টিতে ৪ রানে হেরেছে পাকিস্তান। প্রথম দুই ম্যাচ সহজেই জিতে যাওয়া বাবর আজমের দল প্রথমবারের মত এ সিরিজে রান তাড়া করতে গিয়ে পরাজয়ের স্বাদ বরণ করলো।

পাকিস্তানের গাদ্দাফী স্টেডিয়ামে এদিন আগে ব্যাট করে সফরকারী নিউজিল্যান্ড। পুরো সিরিজ জুড়েই ব্যর্থ থাকা ব্যাটাররা এই ম্যাচেও আহামরি কিছু করতে পারেননি। তবে রানের দেখা পেয়েছেন অধিনায়ক টম লাথাম। দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান এসেছে তার ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন মিচেল।

কিউইদের দেওয়া ১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উইকেটে আসা যাওয়ার মিছিল শুরু হয় পাকিস্তানি ব্যাটারদের। বাবর আজম, রিজওয়ানের কেউই দুই অঙ্কের ফিগার স্পর্শ করতে পারেননি। একের পর এক উইকেট হারিয়ে বিপাকে পড়া পাকিস্তানকে শেষ পর্যন্ত একাই টেনেছেন অলরাউন্ডার ইফতেখার আহমেদ। ৬৪ রানে ৬ উইকেট হারানো পাকিস্তানের সামনে সুযোগ ছিলো শেষ পর্যন্ত বল ম্যাচ জেতার। কিন্তু ইফতেখার শেষ ওভারের ৩ বলে আউট হলে সেটা আর সম্ভব হয়নি। মাত্র ২৪ বলে ৬০ রানের ঝড়ো এক ইনিংস খেলেছেন তিনি। এছাড়া ফাহিম আশরাফের ব্যাট থেকে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান।

দ্রুত উইকেট হারিয়ে বিপাকে পড়া পাকিস্তানের শেষ ১০ ওভারে ১০০ এর উপর রানের প্রয়োজন ছিলো। ফাহিমকে দারুণ এক পার্টনারশিপ গড়ে পাকিস্তানকে ম্যাচে ফেরান ইফতেখার। কিন্তু শেষ হাসিটা হাসতে পারেনি বাবর আজমের দল। জিমি নিশামের করা শেষ ওভারে ইফতেখার আর শেষ বলে হারিস রউফ আউট হলে নির্ধারিত ২০ ওভারে ১৫৯ রানে অলআউট হয় পাকিস্তান। প্রথম দুই ম্যাচ জিতে ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে বাবর – রিজওয়ানরা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »