নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে নিজেদের পঞ্চম ম্যাচে তৃতীয় জয় পেল এমএস ধোনির চেন্নাই সুপার কিংস। রান বন্যার ম্যাচে তারা রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারালো ৮ রানে।
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসি। টস হেরে ব্যাট করতে নেমে ২য় ওভারেই চেন্নাইয়ের ইনফর্ম ওপেনার ঋতুরাজ গাইকোয়াদের উইকেট তুলে নেয় কোহলিরা। কিন্তু এর পরেই চিন্নাস্বামীতে শুরু হয় ঝড়। কনওয়ে – রাহানের ৭৪ রানের জুটি চেন্নাইকে বড় রানের ভীত গড়ে দেয়। দলীয় ৯০ রানে রাহানে ফিরে গেলেও একের পর এক বাউন্ডারি আর ওভার বাউন্ডারি হাঁকাতে থাকেন কনওয়ে – ডুবেরা। ৩য় উইকেট জুটিতে এ দুজন মিলে মাত্র ৩৭ বলে স্কোরবোর্ডে ৮০ রান যোগ করেন। কনওয়ের ৮৩ ও ডুবের ৫২ রানের ইনিংসের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ২২৬ রান সংগ্রহ করে চেন্নাই।
২২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৫ রানে দুই উইকেট হারানো বেঙ্গালুরুকে ম্যাচ জয়ের স্বপ্ন দেখান ফাফ ডু প্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েল। দুজনের ছক্কা বৃষ্টিতে এত বড় লক্ষ্যমাত্রাটাকে খুবই সহজ মনে হয়েছিলো। ৩য় উইকেট জুটিতে এই দুজন যোগ করেন ১২৬ রান। ৮ ছয় আর ৩ চারে মাত্র ৩৬ বলে ৭৬ রান করে আউট হন ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েলের বিদায়ের পরে উইকেটে বেশিক্ষণ থাকতে পারেননি আরসিবি কাপ্তানও। ৩৩ বলে ৬২ রান করে ডু প্লেসিও প্যাভিলিয়নের পথ ধরেন। পরপর দুটো উইকেট হারিয়ে চাপে পড়ে আরসিবি আর চাপ সামাল দিয়ে ম্যাচ বের করতে পারেনি।
শেষের দিকে ম্যাচের সমীকরণ ২১ বলে ৪০ রানের হলেও শেষমেশ ম্যাচটা আর জেতা হয়নি কোহলিদের। শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে গেলেও ঘরের মাঠে বেঙ্গালুরুকে হারতে হয়েছে ৮ রানে। ৫ ম্যাচে ৩ জয়ে পয়েন্ট টেবিলের ৩য় স্থানে আছে ধোনির চেন্নাই। আর ৫ ম্যাচে ২ জয় আর ৩ হারে কোহলির বেঙ্গালুরুর অবস্থান ৭ নম্বরে।
