অঙ্কনের ব্যাটে ষষ্ঠ জয় মোহামেডানের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ঢাকা প্রিমিয়ার লীগ ডিপিএলে মোহামেডানের শুরুটা হয়েছিলো খুবই বাজে। প্রথম ৫ ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি তারা। প্রশ্ন উঠেছিলো সুপার লীগে খেলা নিয়েও। কিন্তু পরের ছয় ম্যাচের সবকটাতে জিতে সুপার লীগ নিশ্চিত করেছে সাকিব – ইমরুলরা।

আজ বগুড়ার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মোহামেডানের প্রতিপক্ষ ছিলো আসরের নবাগত দল ঢাকা লেপার্ডস। শুরুতে ব্যাট করা লেপার্ডস নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করে। ২২৯ রানের লক্ষ্যমাত্রায় খেলতে নেমে মোহামেডানের জয়টা হয়েছে অনায়াসেই। ১৯ বল আর ৫ উইকেট হাতে রেখে জয় পেয়েছে ইমরুল কায়েসের দল। দলীয় শূন্য রানেই ওপেনার আব্দুল মজিদ ফিরে গেলে খানিকটা চাপে পড়ে মোহামেডান। কিন্তু ২য় উইকেট জুটিতে ইমরুল আর অঙ্কন লেপার্ডসের বোলারদের উপর চড়াও হলে ম্যাচটা সহজেই বের করে নেয় মোহামেডান। অধিনায়ক ইমরুল কায়েস ৬১ বলে ৫৮ রান করে আউট হন। তবে এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন অঙ্কন। সেঞ্চুরির খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত সেঞ্চুরি পূর্ণ করা হয়নি তার। ৯৬ রান করে আউট হয়েছেন অঙ্কন। অথচ তার হাতে সুযোগ ছিলো পরপর দুই ম্যাচে টানা দুই সেঞ্চুরি করার।

তবে এদিন ব্যাট হাতে আবারো ব্যর্থ হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মাত্র ৩ রান করে সাজঘরে ফেরেন তিনি। মোহামেডানের একাদশে সাকিব ও সৌম্য না থাকায় এদিন সুযোগ পেয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মোঃ আশরাফুল। ঢাকা লীগের এই আসরে এবারই প্রথমবার তিনি ব্যাট করতে নেমেছেন। তবে খুব একটা খারাপ খেলেননি তিনি। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করে ৩৬ বল খেলে ২৮ রান করেছেন আশরাফুল। মেহেদী হাসান মিরাজ ৫০ বলে ৩৫ রান করে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »