নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলের এবারের আসরটা দিল্লি ক্যাপিটালসের জন্য যেন এক দুঃস্বপ্ন। একে একে টানা পাঁচটি ম্যাচে পরাজয় বরণ করেছে ডেভিড ওয়ার্নারের দল। জয়টা যেন এক দিল্লির জন্য অমাবস্যার চাঁদ হয়ে দাঁড়িয়েছে। এবার দিল্লির বর্তমান অধিনায়ক ওয়ার্নারের পর কোচিং স্টাফদের উপর খেপেছেন দিল্লির সাবেক অধিনায়ক বীরেন্দর শেবাগ। তিনি মনে করেন দিল্লি ক্যাপিটালসে রিকি পন্টিং, সৌরভ গাঙ্গুলীরা কোন অবদানই রাখতে পারছেন না।
গড শনিবার নিজেদের পঞ্চম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরেছে দিল্লি। পুরো ম্যাচ জুড়ে কোন প্রতিরোধই গড়তে পারেনি তারা। বরং ব্যাটিংয়ে নেমে যেন অসহায় আত্মসমর্পণ করলেন এক একজন ব্যাটার। মূলত এ কারণেই ক্ষেপেছেন সাবেক ভারতীয় এই ওপেনার। কাঠগড়ায় দাঁড় করিয়েছেন দিল্লির কোচ পন্টিং এবং পরামর্শক গাঙ্গুলিকে।
শেবাগ বলেন, ‘সত্যি বলতে, কোচিং স্টাফে যারা আছেন, তারা কোনো অবদান রাখতে পারছেন না। খেলোয়াড়েরা খারাপ খেললে দল কতটা শক্তিশালী, তাতে কিছু যায়-আসে না। আপনার ড্রেসিংরুমে বড় মানের অনেকে থাকতে পারে। কিন্তু ব্যাটসম্যানরা রান না পেলে, বোলাররা উইকেট না পেলে তাঁদের থেকে কী লাভ?’
তিনি আরো বলেন, ‘আমি বুঝি না, খেলোয়াড়দের সারাক্ষণ নির্দেশনা কেন দেওয়া হয়। এটার দরকার নেই। যাদের ম্যাচ জেতানোর সামর্থ্য আছে, তাদের দলে রাখতে হবে। তাহলেই আপনি চ্যাম্পিয়ন হতে পারবেন। দিল্লিতে ম্যাচ জেতানোর মতো খেলোয়াড় আছে। কিন্তু তারা রান ও উইকেট পাচ্ছে না। মাঠের বাইরে আপনি অনেক কৌশল সাজাতে পারেন। কিন্তু মাঠে গিয়ে পারফর্ম করতেই হবে।’
