কেকেআরের হয়ে অভিষেক হচ্ছে লিটনের!

দুর্জয় দাশ গুপ্ত »

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আজই অভিষেক হতে পারে বাংলাদেশি উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসের। আজ বিকেলের ম্যাচে মুম্বাইয়ের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। মুম্বাইয়ের বিপক্ষে কেকেআরের জার্সি গায়ে জড়াতে পারেন লিটন।

ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা বলছে আন্দ্রে রাসেল শতভাগ ফিট না থাকায় তার জায়গায় একাদশে আসতে পারে পরিবর্তন। এছাড়া এবারের আইপিএলে ব্যাট হাতে একদমই ব্যর্থ রাসেল। ৪ ম্যাচ খেলে তার ব্যাট থেকে এসেছে কেবল ৩৯ রান। গত ম্যাচে হায়দ্রাবাদের বিপক্ষে বল করতে গিয়ে পেশিতে টান পড়েছে রাসেলের। ফলে আজকের ম্যাচে তিনি প্রায় অনিশ্চিত।

রাসেলের পরিবর্তে কেকেআরের একাদশে কেন লিটন আসবেন সেটারও ব্যাখা দিয়েছে ভারতীয় এই সংবাদ মাধ্যম। এবারের আইপিএলে চারটি ম্যাচ খেলে কেকেআরের সবচেয়ে বড় সমস্যার নাম ওপেনিং। চার ম্যাচে তিনবার ওপেনিং জুটিতে পরিবর্তন আনলেও একবারও সফল হয়নি কেকেআর ম্যানেজমেন্ট। রহমানউল্লাহ গুরবাজের সাথে যারা ওপেন করেছেন সবাই হয়েছেন ব্যর্থ। এমনকি হাসছে না গুরবাজের ব্যাটও। গত ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি এই আফগানি ব্যাটার। কাজেই তাদের দাবি ওপেনিং সমস্যা দূর করতেই আজ মুম্বাইয়ের বিপক্ষে গুরবাজের ওপেনিং পার্টনার হবেন লিটন।

ছবি : কলকাতা নাইট রাইডার্স

অন্যদিকে কেকেআরের জার্সিতে এখনো খেলার সুযোগ না হলেও কেকেআর টিম ম্যানেজমেন্টের কেন্দ্রবিন্দু যে লিটন দাস সেটা বলার অপেক্ষা রাখে না। নাইটদের সোশ্যাল মিডিয়ার এক্টিভিটিস খেয়াল করলেই দেখা যায় কেকেআর ম্যানেজমেন্ট আর ভক্তরা মেতে আছেন বাংলাদেশি এই ব্যাটারে। নববর্ষের অনুষ্ঠানেও কেকেআরের প্রধান আকর্ষণ ছিলেন লিটন। সবকিছু ঠিকঠাক থাকলে আজ কেকেআরের জার্সিতে প্রথমবারের মত আইপিএল মাতাতে মাঠে দেখা যাবে লিটন দাসকে। বাংলাদেশ সময় বিকাল চারটায় শুরু হবে ম্যাচটি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »