লিটনহীন কেকেআরের ২৩ রানের হার

দুর্জয় দাশ গুপ্ত »

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলে নিজেদের চতুর্থ ম্যাচে ২য় পরাজয়ের স্বাদ পেল কলকাতা নাইট রাইডার্স। লিটনহীন কেকেআর এদিন হেরেছে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে ২৩ রানে। সানরাইজার্সের দেওয়া ২২৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২০৫ রানে থামে নাইটদের ইনিংস।

কলকাতার ঘরের মাঠ ইডেন গার্ডেনে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন নাইট কাপ্তান নীতিশ রানা। নীতিশের এমন সিদ্ধান্তকে ভুল প্রমাণ করতে বেশি সময় নেননি সানরাইজার্সের ইংলিশ ওপেনার হ্যারি ব্রুকস। ইনিংসের প্রথম বল থেকেই চড়াও হয়েছেন উমেশ যাদব, বরুণ চক্রবর্তীদের উপর। ব্রুকসের সেঞ্চুরি ও অধিনায়ক মার্করামের ঝড়ো ফিফটিতে ২২৮ রানের বিশাল পুঁজি পায় হায়দ্রাবাদ। কেকেআরের হয়ে বল হাতে ৩ উইকেট শিকার করেন রাসেল।

ছবি : সংগ্রহীত

 

২২৯ রানের বড় লক্ষ্যে শুরুটা মোটেও ভালো হয়নি কলকাতার। আফগান ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ ৩ বল খেলে না কোন রান না করেই প্যাভিলিয়নে ফিরে যান। আগের ম্যাচে দারুণ ব্যাট করা ভেঙ্কটেশ আয়ারও এদিন ছিলেন ফ্লপ। ১১ বল খেলে তিনি করেছেন মাত্র ১০। প্রমোশন পেয়ে চারে নামা নারিন প্রথম বলেই ক্যাচ দিয়ে ফিরলে বিপর্যয়ে পড়ে কেকেআর। স্কোরবোর্ডে মাত্র ২০ রান তুলতেই সাজঘরে ফিরেন টপ অর্ডারের তিন ব্যাটার।

তবে এরপরেই উইকেটে আসা দলীয় কাপ্তান রানা একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন। উমরান মালিকের করা প্রথম ওভার থেকে রানা নেন ২৮ রান। মূলত রানের ব্যাটেই লড়াইটা চালিয়ে যাচ্ছিলো শাখরুখ খানের দল। কিন্তু অপরপ্রান্তে থাকা দুই ব্যাটার জগরদেশান ও রাসেল এদিনও ব্যর্থ হয়েছেন ব্যাট হাতে। ক্যারিবিয়ান অলরাউন্ডার রাসেল ৬ বল খেলে মাত্র ৩ রান করে ক্যাচ দিয়ে ফিরেন। এই নিয়ে টানা ৩ ইনিংসে দুই অঙ্কের কৌটা স্পর্শ করতে ব্যর্থ হয়েছেন তিনি। তবুও নাইট একাদশে নিয়মিতই জায়গা পাচ্ছেন। হয়তোবা পরের ম্যাচেই একাদশ থেকে জায়গা হারাতে পারেন রাসেল। তবে সেক্ষেত্রে কপাল খুলতে পারে লিটন দাস কিংবা জেসন রয়ের।

গত ম্যাচের নায়ক রিঙ্কু সিং আজ উইকেটে আসেন ৭ নম্বরে। রানার সাথে ভালো এক পার্টনারশিপে কলকাতাকে জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেন তিনি। তবে ১৭তম ওভারে ৪১ বলে ৭৫ রান করে নীতিশ রানা আউট হলে জয়টা প্রায় অসম্ভব হয়ে যায় কেকেআরের। তবুও শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছেন রিঙ্কু। ৩১ বল থেকে ৪টি চার ও ৪টি ছক্কায় ৫৮ রান করে অপরাজিত থাকেন তিনি। আর কেকেআরের ইনিংস থামে ২০৫ রানে।

কেকেআরের একাদশে লিটন দাসের সুযোগ না হওয়ায় মন খারাপ হয়েছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের। তবে আশার কথা হলো পরের ম্যাচেই হয়তো একাদশে সুযোগ পেতে পারেন লিটন। কারণ কেকেআরের বিদেশি ব্যাটাররা যে নিয়মিতই ব্যর্থ হচ্ছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »