দুর্জয় দাশ গুপ্ত »
ঢাকা প্রিমিয়ার লিগে এবারের আসরের নবাগত দল ঢাকা লেপার্ডসকে ১ রানে হারালো মাশরাফি মর্তুজার লিজেন্ডস অফ রূপগঞ্জ। শেষ বলের নাটকীয়তায় শেষ হাসিটা মাশরাফিদের। আর ঢাকা লেপার্ডস ঢাকা লিগের এই আসরে দশ ম্যাচ খেলে জয় পেল মাত্র একটিতে।
ম্যাচটা প্রায় আগেই ম্যাশদের হাত থেকে বের করে নিয়ে এসেছিলো লেপার্ডস। শেষ ওভারে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিলো মাত্র ৭ রানের। হাতে তখনো বাকি ৫ উইকেট। এমন সমীকরণে ক্রিজে তখন পাকিস্তানি ব্যাটার উমর আমিন ও বাংলাদেশি অলরাউন্ডার সোহরাওয়ার্দী শুভ। প্রথম ৫ বল থেকে ৫ রান আসলেও শেষ বলে জয়ের জন্য প্রয়োজনীয় ২ রানের মধ্যে একটি রানও নিতে পারেননি শুভ – আমিনরা। শেষ বলে রান নিতে গিয়ে রানআউটের ফাঁদে পড়েন শুভ। ফলে রূপগঞ্জ জয় পায় ১ রানে।
এর আগে শুরুতে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে বিপর্যয়ে পড়ে লিজেন্ডস অফ রূপগঞ্জ। শেষের দিকে দলের হাল ধরা ভারতীয় অলরাউন্ডার চিরাগ জানি ও সোহাগ গাজীর ঝড়ো ব্যাটিংয়ে ২৬৮ রানের বড় পুঁজি পায় তারা।
বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে লেপার্ডসের শুরুটাও ভালো হয়নি। একের পর এক উইকেট হারাতে থাকলে দলের হাল ধরেন পাকিস্তানি ব্যাটার উমর আমিন। মূলত তার সেঞ্চুরিতেই বড় লক্ষ্য টপকে টানা ২য় জয়ের স্বপ্ন দেখতে থাকে লেপার্ডস। কিন্তু শেষ ওভারের নাটকীয়তায় জয়টা আর পাওয়া হয়নি সোহরাওয়ার্দী শুভদের।
দশের ম্যাচের ৮ টি জয়ে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৩য় স্থানে আছে মাশরাফির লিজেন্ডস অফ রূপগঞ্জ।
