নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ঈদ উপলক্ষ্যে চলছে মোবাইল ব্যাংকিং কোম্পানি নগদের অফার। আর এই পেমেন্ট অফার থেকে একটি গাড়ি জিতেছেন রাজধানীর তেজকুনি পাড়ার এক যুবক অনুপ এলভিন অধিকারী। বাবা, মা ও ছোট বোনকে নিয়েই অনুপের ছোট্ট সংসার। তবুও সংসারে টানাপোড়নের ছোঁয়া। টাকার অভাবে বাবার হার্টের সার্জারি করাতে পারছেন না অনুপ। এমন অবস্থায় অনুপের কাঙ্খিত সেই গাড়ি পৌঁছে দিতেই তার বাসায় পুরো নগদ টিমের সাথে হাজির হন তামিম ইকবাল। তামিম দেখে অনুপের পরিবার যেন বিশ্বাসই করতে পারছে না। হাউমাউ করে কেঁদে বাংলার এই তারকা ক্রিকেটারকে জড়িয়ে ধরলো অনুপ।
একটা সময় অনুপ স্বপ্ন দেখতো বাসে নয়, নিজের প্রাইভেট গাড়িতে করে অফিসে যাবে অনুপের বাবা। কিন্তু এমন স্বপ্ন কোনদিন সত্যি হবে এমন আশাও করে নি অনুপ। অবশেষে নগদের কল্যাণে অনুপের এমন স্বপ্ন বাস্তবে পরিণত হলো।
এদিকে অসুস্থ অনুপের বাবার চিকিৎসার খবর নিতে গিয়ে তামিম জানতে পারেন টাকার জন্য আটকে আছে তার চিকিৎসা। ওপেন হার্ট সার্জারির খরচ বেশি হওয়ায় করাতে পারছে না অনুপের পরিবার। আর তখনই অনুপের বাবার চিকিৎসার যাবতীয় খরচ নিজে বহন করবেন বলে জানিয়েছেন তামিম। তিনি বলেন, ‘কত টাকা খরচ? আমিই দিয়ে দেবো। আপনারা রিং পড়াই দেন। আমার সাথে আপনার যোগাযোগ করবেন। আমি আছি, তানভীর ভাই আছে। আমরা সব ব্যবস্থা করবো।’
অনুপের বাবার চিকিৎসার কথা বলতে বলতে নিজের বাবারও কথাও মনে করেছেন তামিম। তিনি বলেন, ‘আমার বাবারও হার্টে রিং পড়াতে হয়েছে। তখন আমার বয়স কত হবে, ১২-১৩ এরকমই হবে। আমার আব্বা ২০০০ সালে ইন্তেকাল করেন। আব্বার যখন সার্জারি হয় তখন আমি অনেক ছোট। এখন তো ২-৩ ঘন্টায় সার্জারি হয়ে যায়। আগে ৮-১০ ঘন্টা সময় লাগতো।’
